ট্রাম্পের দাবি, যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে ইরান
ইরান যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তিনি স্পষ্ট করে বলেছেন, পারস্য উপসাগরের হরমুজ প্রণালি নৌ-চলাচলের জন্য সম্পূর্ণ উন্মুক্ত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্র এই প্রস্তাব বিবেচনা করবে না। বুধবার ফরাসি বার্তা সংস্থা এএফপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতির অনুরোধ জানিয়েছেন বলে মন্তব্য করেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, ''ইরানের প্রেসিডেন্ট এইমাত্র যুক্তরাষ্ট্রের কাছে যুদ্ধবিরতি চেয়েছেন!''
তিনি বলেন, ''হরমুজ প্রণালি যখন উন্মুক্ত, অবাধ এবং পরিষ্কার হবে, তখনই আমরা এটি বিবেচনা করব। তার আগ পর্যন্ত, আমরা ইরানকে ধ্বংস করে ধূলিসাৎ করে দেব অথবা তারা যেমনটি বলে প্রস্তর যুগে পাঠিয়ে দেব!!!''
তবে যুদ্ধবিরতির এই প্রস্তাবের বিষয়ে ইরান কিংবা অন্য কোনও স্বতন্ত্র সূত্র থেকে তাৎক্ষণিকভাবে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি বলে জানিয়েছে এএফপি।
Comments