সংসদে প্রথমবারের মতো প্রশ্নোত্তর পর্বে প্রধানমন্ত্রী তারেক রহমান
ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো সংসদ সদস্যদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ বুধবার (১ এপ্রিল) বেলা সাড়ে ৩টায় তাঁর জন্য নির্ধারিত ৩০ মিনিটের প্রশ্নোত্তর পর্বটি শুরু হয়।
বাংলাদেশ সংসদ সচিবালয়ের এক বিজ্ঞপ্তিতে প্রধানমন্ত্রীর এই কার্যসূচির তালিকা প্রকাশ করা হয়েছে।
নবনির্বাচিত এই সংসদে প্রধানমন্ত্রী হিসেবে প্রথমবারের মতো প্রশ্নোত্তর পর্বে অংশ নিচ্ছেন তারেক রহমান। আজকের অধিবেশনে একজন সংসদ সদস্য প্রস্তাব করেন যে, সপ্তাহের একটি নির্দিষ্ট দিন (বিশেষ করে বুধবার) প্রধানমন্ত্রীর প্রশ্নোত্তর পর্বের জন্য বরাদ্দ রাখা হোক। এতে সংসদীয় কার্যক্রম আরও সুসংগঠিত হবে বলে তিনি উল্লেখ করেন। সংসদ সদস্যের এই প্রস্তাবের প্রেক্ষিতে স্পিকার মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ বিষয়টি রেফার করার নির্দেশ দেন এবং জানান যে, পরবর্তীতে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
সংসদ সচিবালয় জানিয়েছে, আজকের কার্য তালিকায় প্রধানমন্ত্রীর জন্য ৩০ মিনিট বরাদ্দ রাখা হয়েছে। এই সময়ে তিনি দেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যু ও সংসদ সদস্যদের উত্থাপিত প্রশ্নের উত্তর দেবেন।
Comments