ঋণনির্ভরতা কমিয়ে বিনিয়োগবান্ধব অর্থনীতি গড়াই প্রধান লক্ষ্য: অর্থমন্ত্রী
বাংলাদেশকে একটি ঋণনির্ভর অর্থনীতি থেকে বের করে এনে বিনিয়োগনির্ভর রাষ্ট্র হিসেবে গড়ে তোলাই বর্তমান সরকারের মূল লক্ষ্য বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বুধবার (১ এপ্রিল) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি দেশের অর্থনৈতিক সংস্কার ও আগামী বাজেটের গতিপথ নিয়ে এ মন্তব্য করেন।
অর্থমন্ত্রী স্পষ্ট করেন যে, সরকার কৃত্রিমভাবে টাকা ছাপিয়ে সমস্যার সমাধান করতে চায় না। বরং দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করে কর্মসংস্থান সৃষ্টির মাধ্যমেই টেকসই উন্নয়ন নিশ্চিত করতে চায়।
তিনি বলেন, "অর্থনীতিকে চাঙ্গা করতে না পারলে দিনশেষে ট্যাক্স-জিডিপি রেশিও বাড়ানো কঠিন।" জিডিপির প্রবৃদ্ধির সাথে কর আদায়ের নিবিড় সম্পর্কের কথা উল্লেখ করে তিনি উৎপাদনশীলতা বাড়ানোর ওপর জোর দেন।
বিনিয়োগকারীদের আস্থার সংকটের কারণ হিসেবে ঘনঘন নীতি পরিবর্তনকে দায়ী করেন তিনি। অর্থমন্ত্রী বলেন, "আমাদের বড় সমস্যা হলো দীর্ঘমেয়াদী নীতির অভাব। নীতি বারবার পরিবর্তন হলে বিনিয়োগকারীদের কাছে ভুল বার্তা যায়।"
বিনিয়োগকারীদের আস্থা ফেরাতে এবং দীর্ঘমেয়াদী স্থিতিশীলতা বজায় রাখার বিষয়টি মাথায় রেখেই আগামী বাজেট প্রণয়ন করা হচ্ছে বলে তিনি আশ্বস্ত করেন।
Comments