বিতর্কিত বক্তব্যের জেরে অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ মিজানুর রহমান আজহারিকে
বিতর্কিত মন্তব্যের জেরে আইনি জটিলতায় পড়েছেন বাংলাদেশের জনপ্রিয় ধর্মীয় বক্তা ড. মিজানুর রহমান আজহারি। তার ভিসা বাতিল করে তাকে দ্রুত অস্ট্রেলিয়া ত্যাগের নির্দেশ দিয়েছে দেশটির সরকার। আজ বুধবার ব্রিটিশ সংবাদমাধ্যম ডেইলি মেইল এক প্রতিবেদনে এই চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে।
বর্তমানে মিজানুর রহমান আজহারি তার 'লিগ্যাসি অব ফেইথ' সিরিজের অধীনে অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর সফরের কর্মসূচিতে ছিলেন। গত সোমবার ব্রিসবেনে বক্তৃতার মাধ্যমে তার এই সফর শুরু হয়েছিল। পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী আগামী ৩ এপ্রিল মেলবোর্ন, ৪ এপ্রিল সিডনি এবং ৬ এপ্রিল ক্যানবেরায় তার মাহফিল হওয়ার কথা ছিল।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, আজহারির কিছু বক্তব্যে ইহুদিবিদ্বেষী ও উস্কানিমূলক তথ্য পাওয়ায় অস্ট্রেলিয়া সরকার এই কঠোর পদক্ষেপ নিয়েছে। অভিযোগ উঠেছে যে: তিনি হিটলারের কর্মকাণ্ডকে ইহুদিদের জন্য 'ঐশ্বরিক শাস্তি' হিসেবে বর্ণনা করেছেন। ইহুদিদের নিয়ে একাধিক আপত্তিকর মন্তব্য করেছেন। এমনকি এইডস রোগের প্রসারের পেছনেও ইহুদিদের দায় রয়েছে বলে ভিত্তিহীন দাবি করেছেন।
অস্ট্রেলিয়ার লিবারেল সিনেটর জোনাথন ডুনিয়াম জানান, আজহারির এই সফর নিয়ে আগে থেকেই বিভিন্ন মহল থেকে উদ্বেগ জানানো হয়েছিল। বিশেষ করে বাংলাদেশে অবস্থিত 'অস্ট্রেলিয়ান ফেডারেশন ফর এথনিক অ্যান্ড রিলিজিয়াস মাইনরিটিজ' নামক সংগঠনটি তার উগ্র বক্তব্যের বিষয়ে সংসদ সদস্যদের সতর্ক করেছিল।
"ঘৃণা ছড়ায় এমন কোনো বক্তব্যকে প্রশ্রয় দেওয়া হবে না।" — কর্তৃপক্ষের এমন কঠোর অবস্থানের প্রেক্ষিতে গত মঙ্গলবার আজহারির ভিসা বাতিল করা হয়। বর্তমানে তিনি অস্ট্রেলিয়া ত্যাগের অপেক্ষায় রয়েছেন।
Comments