সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকারের স্ত্রী দিলারা হাফিজের জানাজা সম্পন্ন
জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিনের স্ত্রী এবং বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক দিলারা হাফিজের নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। আজ সোমবার দুপুর ১২টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এই জানাজা অনুষ্ঠিত হয়।
জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান, মরহুমার পরিবারের সদস্য, আত্মীয়স্বজনসহ রাজনৈতিক ও সামাজিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। জানাজা শেষে মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।
জাতীয় সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত শনিবার (২৮ মার্চ) সকাল ১১টা ২৯ মিনিটে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন অধ্যাপক দিলারা হাফিজ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। তিনি স্বামী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
উল্লেখ্য, শারীরিক অবস্থার অবনতি হলে গত ২১ মার্চ তাঁকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়েছিল। সেখানে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে ভেন্টিলেশনে থাকা অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। রোববার সন্ধ্যা ৬টা ১ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে তাঁর মরদেহ দেশে আনা হয়।
দিলারা হাফিজ ১৯৪৯ সালের ২ জানুয়ারি সুনামগঞ্জে জন্মগ্রহণ করেন। তার বাবা মোহাম্মদ আবুল হোসেন চৌধুরী এবং মা করিমুন্নেছা খাতুন চৌধুরী।
মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে কৃতিত্বপূর্ণ ফলাফল অর্জনের পর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। ১৯৬৮ সালে সেখান থেকে ইতিহাসে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
তার কর্মজীবন শুরু হয় সরকারি ইডেন মহিলা কলেজে প্রভাষক হিসেবে। পরবর্তীতে তিনি সোহরাওয়ার্দী কলেজ ও ইডেন মহিলা কলেজের অধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন।
এছাড়া তিনি জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের চেয়ারম্যান এবং মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক অধিদপ্তরের মহাপরিচালকের দায়িত্বও পালন করেন।
গুণী এই শিক্ষাবিদের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং সংসদ সচিবালয়ের কর্মকর্তা-কর্মচারীরা। শোকবার্তায় তাঁরা শিক্ষা বিস্তারে দিলারা হাফিজের অসামান্য অবদানের কথা কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।
Comments