সংসদ পরিচালনায় শতভাগ নিরপেক্ষ থাকার অঙ্গীকার ডেপুটি স্পিকারের
সংসদ পরিচালনায় পূর্ণ নিরপেক্ষতা বজায় রাখা এবং সকল সদস্যের অধিকার ও মর্যাদা রক্ষায় কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছেন নবনিযুক্ত ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। আজ রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় ১৩ দিনের বিরতি শেষে সংসদের বৈঠক শুরু হলে সভাপতির বক্তব্যে তিনি এই অঙ্গীকার করেন।
ব্যারিস্টার কায়সার কামাল জানান, সংসদের নিরপেক্ষতা সমুন্নত রাখতে তিনি ইতিমধ্যে দলীয় পদ থেকে পদত্যাগ করেছেন। তিনি বলেন, "সংসদের প্রত্যেক সদস্যের অধিকার, মর্যাদা ও সুযোগের সমতা রক্ষায় আমি সর্বদা দলমতের ঊর্ধ্বে থেকে দায়িত্ব পালন করব।" যুক্তরাজ্যে পড়াশোনার অভিজ্ঞতার কথা টেনে তিনি বলেন, 'ওয়েস্টমিনিস্টার স্টাইল' বা ব্রিটিশ সংসদীয় রীতিনীতি অনুসরণ করে একটি শক্তিশালী গণতান্ত্রিক কাঠামো গড়ে তোলাই তার লক্ষ্য।
বক্তব্যের শুরুতে ডেপুটি স্পিকার মহান মুক্তিযুদ্ধের শহীদদের পাশাপাশি স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সংসদীয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠাকারী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি গভীর শ্রদ্ধা জানান। বেগম খালেদা জিয়াকে 'মাদার অব ডেমোক্রেসি' আখ্যা দিয়ে তিনি তাঁর দীর্ঘ ফ্যাসিবাদবিরোধী সংগ্রামের কথা স্মরণ করেন। এছাড়া ২০২৪ সালের জুলাই-আগস্টের ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদ আবু সাঈদ, মুগ্ধ ও ওয়াসিমসহ সকল শহীদের ত্যাগের কথা অত্যন্ত শ্রদ্ধার সাথে উল্লেখ করেন তিনি।
বর্তমান সংসদকে বিশ্বের ইতিহাসে বিরল ও 'ঐতিহাসিক সংসদ' হিসেবে অভিহিত করে ডেপুটি স্পিকার বলেন, "এই সংসদের সদস্যরা সাধারণ পটভূমি থেকে আসেননি। কেউ এসেছেন ফাঁসির মঞ্চের সন্নিকট থেকে, কেউ আয়নাঘর থেকে, কেউবা দীর্ঘ নির্বাসন বা গুমের দুঃসহ স্মৃতি নিয়ে। এমন ত্যাগের মহিমায় উজ্জ্বল সংসদ আর কখনো দেখা যায়নি।"
খলিফা হজরত আবু বকর (রা.)-এর ঐতিহাসিক ভাষণের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, "আমি সঠিক থাকলে আপনারা আমাকে সাহায্য করবেন, আর ভুল করলে শুধরে দেবেন।" তিনি আরও উল্লেখ করেন যে, বিরোধী দল সরকারের প্রতিপক্ষ নয়, বরং গণতন্ত্রের অপরিহার্য
স্পিকার হাফিজ উদ্দিন আহমদের অনুপস্থিতিতে ডেপুটি স্পিকারের সভাপতিত্বে শুরু হওয়া এই অধিবেশনে সংসদ নেতা প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান উপস্থিত ছিলেন। বৈঠকের শুরুতে স্পিকারের স্ত্রী দিলারা হাফিজ ও সংসদ সদস্য মোক্তার আলীর মায়ের মৃত্যুতে শোক প্রস্তাব গ্রহণ ও মোনাজাত করা হয়। উল্লেখ্য, বর্তমান অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।
Comments