স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে গীতা পাঠ নিয়ে জামায়াত এমপির আপত্তি, শোনেননি ইউএনও
মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে গীতা পাঠ করা যাবে না বলে নির্দেশ দেওয়ার অভিযোগ উঠেছে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনের এমপি ও কেন্দ্রীয় জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমানের বিরুদ্ধে। তানোর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাঈমা খানকে মোবাইল ফোনে তিনি এ নির্দেশনা দেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন ইউএনও। তবে এমপির এমন নির্দেশনা না ইউএনও অনুষ্ঠানকালে কোরআন তিলাওয়াতের পাশাপাশি গীতা পাঠও করান।
ইউএনও সাংবাদিকদের জানান, মোবাইল ফোনে এমপি স্যার আমাদের নির্দেশ দিয়েছিলেন শুধুমাত্র কোরআন তিলাওয়াত করতে হবে। কিন্তু রাষ্ট্রীয় অনুষ্ঠান রাষ্ট্রীয় নিয়মে পালন করতে হবে। তাই আমরা কোরআন ও গীতা উভয় পাঠ করানো হয়েছে।
এর আগে ২৫ মার্চ উপজেলা সম্মেলন কক্ষে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনাসভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেনসহ বিএনপির স্থানীয় নেতারা।
সভার সময় ইউএনও নাঈমা খান উপজেলা জামায়াতের আমিরকে বলেন, 'এমপি স্যার তো গীতা পাঠ করতে নিষেধ করেছেন। আমরা কী করব?' এই প্রশ্নের জবাবে মাওলানা আলমগীর হোসেন বলেন, 'রাষ্ট্রীয় নিয়ম অনুযায়ী অনুষ্ঠান পালন করুন।'
এরপর আজ বৃহস্পতিবার তানোরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে কোরআন তিলাওয়াতের পাশাপাশি গীতা পাঠও করা হয়।
জানতে চাইলে উপজেলা জামায়াতের আমির মাওলানা আলমগীর হোসেন বলেন, 'ইউএনও সাহেবকে এভাবে বলেননি এমপি সাহেব। তিনি ধর্মীয় অনুষ্ঠানে গীতা পাঠ করা যাবে না বলেছিলেন। মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের অনুষ্ঠানে গীতা পাঠ করতে নিষেধ করেছিলেন এটি সঠিক নয়।'
এ বিষয়ে এমপি অধ্যাপক মুজিবুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোনে তিনি ফোন রিসিভ করেননি।
Comments