জামালপুরে দম্পতিকে আটকে শ্লীলতাহানি-ছিনতাই, জুলাই যোদ্ধাসহ গ্রেপ্তার ৩
জামালপুরের মাদারগঞ্জে স্বামীর সামনে এক গৃহবধূকে শ্লীলতাহানি ও দম্পতিকে জিম্মি করে টাকা-মোবাইল ছিনতাইয়ের ঘটনায় জুলাই যোদ্ধাসহ কিশোর গ্যাংয়ের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৪ মার্চ) দুপুরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার মুন্সিপাড়া এলাকার জুলাই যোদ্ধা সাইফুল ইসলাম সামী এবং মাদারগঞ্জ পৌর এলাকার বালিজুড়ি মিয়াসাব পাড়া গ্রামের সাইফ ও জাহিদ।
এর আগে সোমবার রাতে মাদারগঞ্জ পৌর এলাকার খরকা বিল সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর রাতেই ভুক্তভোগী দম্পতি মাদারগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেন।
ভুক্তভোগী অনন্ত রবিদাস জানান, তিনি স্ত্রীকে নিয়ে বালিজুড়ি ঈদ মেলা দেখতে যাচ্ছিলেন। পথে কয়েকজন কিশোর তাদের গতিরোধ করে। একপর্যায়ে আরও ১০ থেকে ১২ জন কিশোর সেখানে জড়ো হয়। তারা দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তাকে জিম্মি করে এবং তার স্ত্রীকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা চালায়। এ সময় গৃহবধূকে শ্লীলতাহানি করে। তিনি বাধা দিলে তাকে মারধর করে। পরে আশপাশে লোকজনের উপস্থিতি টের পেয়ে দুটি মোবাইল ফোন ও নগদ টাকা ছিনিয়ে নিয়ে অভিযুক্তরা পালিয়ে যায়।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে আটক করে।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাকের আহমেদ বলেন, এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে এবং জড়িত অন্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
Comments