বিদেশে থাকা মার্কিন নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র
ইরানের সঙ্গে চলমান উত্তেজনা এবং মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল পরিস্থিতিকে কেন্দ্র করে বিদেশে অবস্থানরত নিজ দেশের নাগরিকদের জন্য বিশেষ সতর্কতা জারি করেছে যুক্তরাষ্ট্র।
রোববার (২২ মার্চ) মার্কিন পররাষ্ট্র দপ্তর এক জরুরি বার্তায় নাগরিকদের 'অতিরিক্ত সতর্কতা' অবলম্বনের আহ্বান জানিয়ে বিশ্বব্যাপী সতর্কবার্তা—'ওয়ার্ল্ডওয়াইড কশন অ্যালার্ট'—ঘোষণা করে। সংবাদমাধ্যম সিএনএন এ তথ্য জানিয়েছে।
সতর্কবার্তায় বলা হয়, বর্তমান পরিস্থিতিতে বিশ্বজুড়ে মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলো সম্ভাব্য হামলার ঝুঁকিতে রয়েছে। একই সঙ্গে বিভিন্ন দেশের আকাশপথ সাময়িকভাবে বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় আন্তর্জাতিক ভ্রমণ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে।
পররাষ্ট্র দপ্তরের নির্দেশনায় বিদেশে থাকা মার্কিন নাগরিকদের নিকটস্থ দূতাবাস বা কনস্যুলেটের জারি করা নিরাপত্তা নির্দেশিকা কঠোরভাবে অনুসরণের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি জরুরি পরিস্থিতিতে সর্বশেষ তথ্য পেতে সংশ্লিষ্ট সরকারি পোর্টালে দ্রুত নিবন্ধনের অনুরোধ করা হয়েছে।
এছাড়া নিয়মিত আপডেট পেতে নাগরিকদের হোয়াটসঅ্যাপের অফিসিয়াল চ্যানেল এবং এক্স প্ল্যাটফর্মে পররাষ্ট্র দপ্তরের অ্যাকাউন্ট অনুসরণের পরামর্শ দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যম সিএনএনের প্রাপ্ত একটি কূটনৈতিক বার্তায় জানা গেছে, মধ্যপ্রাচ্যের চলমান অস্থিরতার প্রভাব বিশ্বের অন্যান্য অঞ্চলেও ছড়িয়ে পড়তে পারে বলে আশঙ্কা করছে ওয়াশিংটন। এই প্রেক্ষাপটে গত সপ্তাহেই বিশ্বজুড়ে সব মার্কিন কূটনৈতিক মিশনকে তাদের নিরাপত্তা ব্যবস্থা পুনর্মূল্যায়নের নির্দেশ দেওয়া হয়েছে।
ইরানকে কেন্দ্র করে সৃষ্ট এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে সম্ভাব্য ঝুঁকি মোকাবিলায় আগাম প্রস্তুতি হিসেবেই যুক্তরাষ্ট্র প্রশাসন এ পদক্ষেপ নিয়েছে বলে মনে করা হচ্ছে।
Comments