স্বাধীনতা দিবস ঘিরে দুই দিনের কর্মসূচির ঘোষণা বিএনপির
মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে দুই দিনের কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। কেন্দ্রীয়ভাবে স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন থেকে শুরু করে আলোচনা সভাসহ নানা আয়োজন থাকছে দলটির।
রোববার (২২ মার্চ) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৬ মার্চ ভোরে নয়াপল্টনস্থ বিএনপির কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। একইদিন ভোরে সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন শেষে দলের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হবে।
শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকায় ফিরে বিএনপির জাতীয় নেতৃবৃন্দ মহান স্বাধীনতার ঘোষক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান (বীর-উত্তম)-এর মাজার এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। এছাড়া মাজার প্রাঙ্গণে জাতীয়তাবাদী ওলামা দলের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে।
এর আগে, ২৫ মার্চ দুপুর আড়াইটায় রমনার ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বিএনপির উদ্যোগে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে দলের জাতীয় নেতৃবৃন্দ ও বিশিষ্ট ব্যক্তিরা বক্তব্য রাখবেন।
বিএনপি জানায়, দিবসটি উপলক্ষে ইতোমধ্যে পোস্টার প্রকাশ করা হয়েছে এবং বিশেষ ক্রোড়পত্র প্রকাশের প্রস্তুতি চলছে। পাশাপাশি সারা দেশে দলটির জেলা, মহানগর, উপজেলা ও পৌর ইউনিটগুলো নিজ নিজ উদ্যোগে আলোচনা সভা ও অন্যান্য কর্মসূচি পালন করবে।
কর্মসূচি সফল করতে দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।
Comments