ঈদযাত্রা কেমন হচ্ছে সে বিষয়ে খোঁজ রাখছেন প্রধানমন্ত্রী
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে সারাদেশে যাত্রীদের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে খোঁজ-খবর রাখছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, প্রধানমন্ত্রী কর্মব্যস্ত সময় কাটাচ্ছেন। সারাদেশের ঈদযাত্রার পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন তিনি। প্রশাসনের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছেন, কোথাও যানজট বা জনদুর্ভোগ হচ্ছে কিনা যাচাই করছেন এবং প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন। পাশাপাশি, প্রাকৃতিক দুযোর্গের কারণে রাজধানীর জাতীয় ঈদগাহ এবং রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় ঈদের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের সর্বশেষ প্রস্তুতি নিয়েও খবর নিয়েছেন।
নির্বাসনে থাকার দিনগুলোতে তারেক রহমান দীর্ঘ ১৭ বছর ঈদ করেছেন লন্ডনে। প্রায় দেড় যুগ পর এবারই প্রথম ঢাকায় ঈদ করছেন তারেক রহমান। লন্ডন ও সৌদি আরব থেকে পরিচিত কয়েকজন প্রধানমন্ত্রীকে টেলিফোন করেছেন এবং প্রধানমন্ত্রী তাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বলেও জানান অতিরিক্ত প্রেস সচিব।
শুক্রবার জুমাতুল বিদায় প্রধানমন্ত্রী বনানীর নৌবাহিনীর সদর দপ্তর কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ পড়েছেন বলে জানান রুমন।
একই দিনে তিনি দেশের মানুষ ও বিশ্ব মুসলিম উম্মাহকে ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন। তিনি রমজান মাসের শিক্ষা—সংযম, ত্যাগ, ধৈর্য ও আত্মশুদ্ধি—ব্যক্তিগত ও সামাজিক জীবনে প্রতিফলিত করার ওপর গুরুত্ব দিয়েছেন।
প্রধানমন্ত্রী বলেছেন, ঈদ ধনী-গরিব, ছোট-বড় সকল ভেদাভেদ ভুলে পারস্পরিক ভালোবাসা ও ভ্রাতৃত্ববোধ জাগ্রত করে। এই দিনে সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো এবং ঈদের আনন্দ ভাগাভাগি করা আমাদের দায়িত্ব।
তিনি দেশের জাতীয় ঐক্য, সম্প্রীতি ও সংহতি দৃঢ় করার আহ্বান জানিয়ে বলেন, সবাই মিলে মানবিক, শান্তিপূর্ণ ও সমৃদ্ধ বাংলাদেশ গঠনে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী প্রার্থনা করেছেন, মহান আল্লাহ যেন ঈদুল ফিতরের আনন্দ, রহমত ও বরকত সবার জীবনে বর্ষিত করেন এবং দেশকে শান্তি ও অগ্রগতির পথে এগিয়ে নিয়ে যান।
Comments