বাংলাদেশ-যুক্তরাষ্ট্র যৌথভাবে কাজ করার আশাবাদ মার্কিন রাষ্ট্রদূতের
বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে যৌথভাবে কাজ চালিয়ে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে প্রথম সৌজন্য বৈঠক শেষে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করায় ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন মার্কিন রাষ্ট্রদূত। বৈঠক শেষে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই অভিনন্দন জানান।
পোস্টে বলা হয়, 'পররাষ্ট্রমন্ত্রী হিসেবে নতুন দায়িত্ব গ্রহণের জন্য খলিলুর রহমানকে অভিনন্দন। আমাদের দুই দেশকে আরও নিরাপদ, শক্তিশালী ও সমৃদ্ধ করতে একসঙ্গে কাজ চালিয়ে যেতে পেরে আমি আনন্দিত।'
কূটনৈতিক সূত্র জানায়, বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এছাড়া পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়সহ আঞ্চলিক ও বৈশ্বিক ইস্যুতে দুই দেশের মধ্যে সহযোগিতা বৃদ্ধির বিষয়েও তারা গুরুত্বারোপ করেন।
এর আগে আজ সকালে মার্কিন রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ে পৌঁছালে তাকে স্বাগত জানানো হয়। তিনি শুরুতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক করেন। এরপর তিনি পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের সঙ্গে তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎ ও আনুষ্ঠানিক আলোচনায় মিলিত হন।
ড. খলিলুর রহমান পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর মার্কিন রাষ্ট্রদূতের সঙ্গে এটিই তার প্রথম আনুষ্ঠানিক বৈঠক।
Comments