বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে কি ‘নকল’ শাকিরা?
জমকালো আয়োজনের মধ্য দিয়ে বৃহস্পতিবার রাতে মেক্সিকো সিটির ঐতিহ্যবাহী আজতেকা স্টেডিয়ামে পর্দা উঠেছে ২০২৬ ফিফা বিশ্বকাপের। উদ্বোধনী অনুষ্ঠানের মূল আকর্ষণই ছিলেন ল্যাটিন পপ কুইন শাকিরা। নাইজেরিয়ান গায়ক বার্না বয়ের সঙ্গে মঞ্চে মেতে উঠেছিলেন আসরের অফিশিয়াল থিম সং 'ডাই ডাই' গেয়ে। তবে তার পারফরম্যান্সের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে এক নতুন বিতর্ক। ভক্তদের একাংশের দাবি—মঞ্চ কাঁপানো সেই শাকিরা আসলে 'আসল' শাকিরা ছিলেন না, বরং তার জায়গায় পারফর্ম করেছে কোনো 'বডি ডাবল' বা ক্লোন!
ব্রিটিশ সংবাদমাধ্যম 'দ্য মিরর'-এর প্রতিবেদন অনুযায়ী, ৪৯ বছর বয়সী কলম্বিয়ান এই সুপারস্টারের উদ্বোধনী মঞ্চের লুকটাই ভক্তদের মনে এই তীব্র সন্দেহের জন্ম দিয়েছে। অনুষ্ঠানে শাকিরার চেনা রূপের চেয়ে বেশ কিছুটা ভিন্নতা দেখা যায়। শাকিরা একটি চকমকে হলুদ রঙের টপস, সাদা শর্টস এবং স্নিকার্স পরে হাজির হন। পারফরম্যান্সের সময় শাকিরার চোখে ছিল একটি বড় কালো সানগ্লাস, যা তার মুখের সিংহভাগ অংশই ঢেকে রেখেছিল। ভক্তদের মতে, মুখ লুকাতেই এই চশমা ব্যবহার করা হয়েছে। শাকিরার চিরচেনা সোনালী চুল এবার দেখা গেছে হালকা স্ট্রবেরি লাল রঙে রাঙানো।
শাকিরা মঞ্চে পারফর্ম করার সময়ই সামাজিক মাধ্যম 'এক্স' (সাবেক টুইটার) এবং ফেসবুকে মন্তব্যের ঝড় ওঠে।
এক ভক্ত বিস্ময় প্রকাশ করে লিখেছেন, 'ইনি কি আসলেই শাকিরা? তাকে তো শাকিরার মতো লাগছে না! আমি কি ভুল দেখছি?'
স্প্যানিশ ভাষার বহু ফুটবল অনুরাগী মন্তব্য করেছেন, 'আমাকে বলবেন না যে আমি একাই ভাবছি এটা শাকিরার বডি ডাবল ছিল!'
অন্য এক নেটিজেন সরাসরি প্রশ্ন তুলেছেন, 'বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে তারা শাকিরার মতো দেখতে অন্য কাউকে কেন নিয়ে এলো? আমার মন বলছে ওটা কোনো নকল রূপধারী ছিল।'
বিশ্বকাপের মঞ্চের সঙ্গে শাকিরার মেলবন্ধন অবশ্য আজ নতুন নয়, এটি বেশ পুরোনো ও আবেগের। এর আগেও তিনি ফুটবলবিশ্বকে নিজের কণ্ঠ ও নাচের জাদুতে মাতিয়েছেন। ২০০৬ জার্মানি বিশ্বকাপে পারফর্ম করেন। ২০১০ দক্ষিণ আফ্রিকা বিশ্বকাপের অফিশিয়াল থিম সং 'ওয়াকা ওয়াকা' গেয়েছিলেন, যা আজ অবধি বিশ্বকাপ ইতিহাসের অন্যতম সেরা ও জনপ্রিয় থিম সং হিসেবে বিবেচিত। ২০১৪ ব্রাজিল বিশ্বকাপেও নিজের পারফরম্যান্স দেখান।
১২ বছর পর আবারো বিশ্বকাপের অফিশিয়াল থিম সং-এ ফিরলেও, এই 'বডি ডাবল' বিতর্ক মেক্সিকোর উদ্বোধনী আসরের উন্মাদনাকে আরও রহস্যময় করে তুলল। তবে এই বিষয়ে শাকিরা বা ফিফা কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।
Comments