বাংলাদেশি ক্রিকেটারদের পিএসএলে খেলতে বাধা নেই
বাংলাদেশি ক্রিকেটারদের পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে কোনো বাধা নেই। সোমবার (২৩ মার্চ) এক বিজ্ঞপ্তিতে আনুষ্ঠানিকভাবে এমনটাই জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
সম্প্রতি পাকিস্তানে নিরাপত্তা পরিস্থিতি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা থাকলেও সরকারের উচ্চপর্যায়ের সবুজ সংকেত পাওয়ার পরই ক্রিকেটারদের অংশগ্রহণের বিষয়ে এই চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে দেশের ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।
বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, পিএসএলে ক্রিকেটারদের অংশগ্রহণের বিষয়ে সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে দীর্ঘ সময় ধরে যোগাযোগ রেখেছে বিসিবি। বিশেষ করে পাকিস্তানে অবস্থানরত খেলোয়াড়দের ব্যক্তিগত নিরাপত্তা ও সার্বিক সুরক্ষার বিষয়টি সবচেয়ে বেশি গুরুত্বসহকারে বিবেচনা করা হয়েছে। ইসলামাবাদে অবস্থিত বাংলাদেশ মিশনের সঙ্গে আলোচনার পর বিসিবি নিশ্চিত হয়েছে যে সেখানে অংশগ্রহণকারী ক্রিকেটারদের জন্য বর্তমানে কোনো দৃশ্যমান নিরাপত্তাঝুঁকি বা উদ্বেগের কারণ নেই।
আগামী ২৬ মার্চ থেকে শুরু হতে যাচ্ছে পিএসএলের একাদশ আসর। এই আসরে খেলবেন বাংলাদেশের ৬ ক্রিকেটার। পাকিস্তানের ফ্র্যাঞ্চাইজি লিগটিতে খেলতে সোমবার (২৩ মার্চ) সকালে দেশ ছেড়েছেন মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম, পারভেজ হোসেন ইমন ও নাহিদ রানা। রিশাদ হোসেন ও তানজিদ হাসান তামিম যাবেন পরে।
আগামী ১২ এপ্রিল পর্যন্ত পিএসএল খেলার জন্য অনাপত্তিপত্র (এনওসি) পেয়েছেন বাংলাদেশের এই ৬ ক্রিকেটার। নিউজিল্যান্ড সিরিজ থাকায় এরপরই তাদের দেশে ফিরতে হবে। এপ্রিলের দ্বিতীয় সপ্তাহে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচের সিরিজ খেলতে বাংলাদেশে আসবে কিউইরা।
Comments