সাফ চ্যাম্পিয়নশিপের পাওয়ার্ড বাই স্পন্সর ওয়ালটন ফ্যান
আট বছর পর বাংলাদেশে ফিরছে সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। ঘরের মাঠে অনুষ্ঠেয় দক্ষিণ এশিয়ার ফুটবলের এই আসরে 'পাওয়ার্ড বাই স্পন্সর' হিসেবে যুক্ত হয়েছে দেশীয় ব্র্যান্ড ওয়ালটন ফ্যান।
আগামী ৫ নভেম্বর রাজধানীর জাতীয় স্টেডিয়ামে ছয় দেশের অংশগ্রহণে শুরু হবে ১৫তম সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ। ১৭ নভেম্বর ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে টুর্নামেন্টের। স্বাগতিক বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ভুটান ও মালদ্বীপ অংশ নিচ্ছে এবারের আসরে।
টুর্নামেন্টে 'এ' গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। অন্যদিকে 'বি' গ্রুপে রয়েছে ভারত, পাকিস্তান ও মালদ্বীপ। উদ্বোধনী দিনে বিকেল সাড়ে ৩টায় মুখোমুখি হবে ভারত ও পাকিস্তান। একই দিন রাত ৮টায় ভুটানের বিপক্ষে ম্যাচ দিয়ে আসর শুরু করবে বাংলাদেশ। গ্রুপ পর্বে ১১ নভেম্বর শ্রীলঙ্কার মুখোমুখি হবে স্বাগতিকেরা। দুই গ্রুপের শীর্ষ দুটি দল উঠবে সেমিফাইনালে। ১৪ নভেম্বর অনুষ্ঠিত হবে শেষ চারের লড়াই।
ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসির চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ বলেন, বাংলাদেশের মানুষের আবেগ ও ভালোবাসার সঙ্গে ফুটবল জড়িয়ে আছে। সেই জায়গা থেকেই দীর্ঘদিন ধরে পুরুষ ও নারী ফুটবলের পাশে রয়েছে ওয়ালটন। দেশের মাটিতে সাফ চ্যাম্পিয়নশিপের মতো বড় আয়োজনে ওয়ালটন ফ্যানকে সম্পৃক্ত করতে পেরে তারা আনন্দিত। এই আয়োজন তরুণদের ফুটবলের প্রতি আরও আগ্রহী করে তুলবে বলেও আশা প্রকাশ করেন তিনি।
দেশের ফুটবলে পৃষ্ঠপোষকতার ক্ষেত্রে ওয়ালটনের সম্পৃক্ততা নতুন নয়। ২০২৫ সালের নারী ফুটবলের ত্রিদেশীয় টুর্নামেন্টে কো-স্পন্সর ছিল প্রতিষ্ঠানটি। এ ছাড়া ২০২৫-২৬ এশিয়ান কাপ বাছাইপর্বে বাংলাদেশ ও সিঙ্গাপুরের ম্যাচ এবং বাংলাদেশ-হংকং ম্যাচেও পৃষ্ঠপোষকতা করেছে ওয়ালটন। একই বছরের ১৮ নভেম্বর বাংলাদেশ-ভারত ম্যাচে অ্যাসোসিয়েট স্পন্সর হিসেবে যুক্ত ছিল প্রতিষ্ঠানটির ফ্যান ব্র্যান্ড।
নারী ফুটবলেও বিভিন্ন সময়ে সহযোগিতা করেছে ওয়ালটন। ২০১৬ সালে ভারতে অনুষ্ঠিত সাফ নারী চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ দলের পৃষ্ঠপোষক ছিল প্রতিষ্ঠানটি। ওই আসরে দলের ক্রীড়াসামগ্রী কেনার জন্য আর্থিক সহায়তা দেয় তারা। পরবর্তী সময়ে নারী জাতীয় দল ও অনূর্ধ্ব-১৬ দলের বিদেশ সফরেও ক্রীড়াসামগ্রী দিয়ে সহযোগিতা করেছে ওয়ালটন।
এ ছাড়া ২০১৬ সালের সাফ নারী চ্যাম্পিয়নশিপে রানার্সআপ হওয়া বাংলাদেশ দল এবং ২০১৮ সালের সাফ অনূর্ধ্ব-১৫ নারী চ্যাম্পিয়নশিপে রানার্সআপ দলকে সংবর্ধনা দেয় প্রতিষ্ঠানটি।
বাংলাদেশের পুরুষ ও নারী ফুটবলের বিভিন্ন আয়োজনে পৃষ্ঠপোষকতার ধারাবাহিকতায় এবার সাফ চ্যাম্পিয়নশিপের সঙ্গে যুক্ত হলো ওয়ালটন ফ্যান।
Comments