সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে যোগ দিলেন শায়লা বানু ঝুমু
সাউথইস্ট ব্যাংক পিএলসির পরিচালনা পর্ষদে মনোনীত পরিচালক হিসেবে যোগ দিয়েছেন ওয়েল্ডন অ্যাপারেলস লিমিটেডের মনোনীত প্রতিনিধি শায়লা বানু ঝুমু। গত ২৯ অক্টোবর ২০২৬ তারিখে তিনি ব্যাংকটির পরিচালনা পর্ষদে আনুষ্ঠানিকভাবে যোগদান করেন।
শায়লা বানু ঝুমু কুমিল্লার এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর (এমএসএস) ডিগ্রি অর্জন করেন। তিনি একজন বিশিষ্ট উদ্যোক্তা, শিল্পউদ্যোক্তা এবং অভিজ্ঞ করপোরেট নেতৃত্বস্থানীয় ব্যক্তিত্ব। আন্তর্জাতিক বাণিজ্য এবং বৃহৎ শিল্পগোষ্ঠী পরিচালনায় তাঁর ৩০ বছরেরও বেশি সমৃদ্ধ অভিজ্ঞতা রয়েছে। বর্তমানে তিনি ওয়েল্ডন অ্যাপারেলস লিমিটেডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। প্রতিষ্ঠানটি জিএমআর গ্রুপের আওতাধীন শতভাগ রপ্তানিমুখী তৈরি পোশাক খাতের সোয়েটার উৎপাদনশিল্প পরিচালনা করে থাকে। বৃহৎ পরিসরে শিল্পকারখানা পরিচালনা ও ব্যবস্থাপনায় তাঁর দীর্ঘদিনের অভিজ্ঞতা এবং সামষ্টিক অর্থনীতি সম্পর্কে গভীর জ্ঞান তাঁর পেশাগত দক্ষতাকে অত্যন্ত সমৃদ্ধ করেছে।
বিশ্বের বিভিন্ন দেশ ব্যাপক আন্তর্জাতিক ভ্রমণের মাধ্যমে অর্জিত তাঁর বৈশ্বিক অভিজ্ঞতা করপোরেট সুশাসন ও নীতিনির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ব্যবসায়িক সাফল্যের পাশাপাশি তিনি নাগরিক ও সামাজিক কার্যক্রমেও সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তিনি দুই বছর ইন্টারন্যাশনাল স্কুল ঢাকা (আইএসডি)-এর অভিভাবক-শিক্ষক সমিতির (পিটিএ) সভাপতি হিসেবে সফলতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। এছাড়া তিনি বনানী ক্লাব লিমিটেড, ঢাকা বোট ক্লাব লিমিটেড, উত্তরা ক্লাব লিমিটেড, পূর্বাচল লেডিস ক্লাব লিমিটেড, গুলশান সোসাইটি এবং গুলশান জগার্স সোসাইটিসহ বিভিন্ন সামাজিক ও পেশাজীবী সংগঠনের সক্রিয় সদস্য।
Comments