মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫: গ্র্যান্ড ফিনাল ২৪ অক্টোবর
চিকিৎসক মানেই কেবল হাসপাতালের রুটিন দায়িত্ব বা রোগীর সেবা নয়; নেতৃত্ব, সৃজনশীলতা, যোগাযোগদক্ষতা, ব্যক্তিত্ব এবং সমাজের প্রতি দায়বদ্ধতাও তাঁদের অত্যন্ত গুরুত্বপূর্ণ গুণ। চিকিৎসকদের এসব বহুমুখী প্রতিভা বিকাশে উৎসাহ দেওয়া এবং পেশাগত পরিচয়ের বাইরে তাঁদের লুকিয়ে থাকা গুণগুলোকে সবার সামনে তুলে ধরার লক্ষ্য নিয়েই শুরু হয়েছে 'মিস অ্যান্ড মিসেস ডক্টর' প্রতিযোগিতা।
২০২৫ সালে শুরু হওয়া এই আয়োজনে দেশের বিভিন্ন প্রান্তের চিকিৎসক ও নারী মেডিকেল শিক্ষার্থীরা অংশ নেন। প্রতিযোগিতার মাধ্যমে তাঁরা নিজেদের যোগ্যতা, আত্মবিশ্বাস ও সৃজনশীলতা প্রদর্শনের পাশাপাশি নতুন অভিজ্ঞতা অর্জন এবং সহকর্মীদের সঙ্গে পরিচিত হওয়ার দারুণ সুযোগ পেয়েছেন। পেশাগত ব্যস্ততার বাইরে চিকিৎসকদের নিজস্ব দক্ষতা ও ব্যক্তিত্ব বিকাশের একটি চমৎকার মঞ্চ তৈরি করাই ছিল এর মূল ভাবনা।
দীর্ঘ প্রস্তুতি ও নানা ধাপ পেরিয়ে আগামী ২৪ অক্টোবর ২০২৬, বিকেল ৪টায় রাজধানীর লা মেরিডিয়ান হোটেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে এই প্রতিযোগিতার জাঁকজমকপূর্ণ গ্র্যান্ড ফিনালে। অনুষ্ঠান প্রধান অতিথি হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মোঃ সাখাওয়াত হোসেন, বিশেষ অতিথি হিসেবে প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস. এম. জিয়াউদ্দিন হায়দার এবং বিচারকমণ্ডলীর সদস্য হিসেবে উপস্থিত থাকবেন: জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা সাহা মীম; প্রখ্যাত গণমাধ্যম ব্যক্তিত্ব ও চিকিৎসক ডা. আব্দুন নূর তুষার; অভিনেতা, লেখক ও চিকিৎসক ডা. এজাজুল ইসলাম এবং ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক ডা. আশীষ কুমার চক্রবর্তী।
গ্র্যান্ড ফিনালের মূল আকর্ষণ হবে প্রতিযোগীদের চূড়ান্ত মূল্যায়ন ও বিজয়ী নির্বাচন। বিভিন্ন রাউন্ডে অংশ নেওয়া প্রতিযোগীদের মধ্য থেকে সেরা দশের (টপ টেন) পারফরম্যান্সের ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করা হবে। পাশাপাশি প্রতিযোগীদের সামগ্রিক অর্জন ও স্বীকৃতিও অনুষ্ঠানে তুলে ধরা হবে। বিজয়ী মুকুট অর্জনকারীদের জন্য এটি যেমন এক স্মরণীয় অর্জন হবে, তেমনি এই পুরো যাত্রার অভিজ্ঞতা প্রতিটি প্রতিযোগীর জন্যই এক অনন্য প্রেরণা হয়ে থাকবে।
'মিস অ্যান্ড মিসেস ডক্টর ২০২৫'-এর অফিশিয়াল কো-অর্ডিনেটরের দায়িত্ব পালন করছেন ডা. শেখ সোহা। এছাড়া এই পুরো আয়োজনের মূল উদ্যোক্তা ও নেপথ্যে রয়েছে 'দ্য রেস্ট্রেইন'-এর প্রধান নির্বাহী কর্মকর্তা ড. হাসান মাহমুদ।
Comments