মডার্ন ট্রেডে নেতৃত্বের পথে ভোগ্যপণ্য ও কসমেটিকস উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক
দ্রুত সম্প্রসারিত মডার্ন ট্রেড বা সুপারশপ ব্যবসায় নিজেদের অবস্থান আরও সুদৃঢ় করছে দেশের শীর্ষস্থানীয় ভোগ্যপণ্য ও কসমেটিকস উৎপাদনকারী প্রতিষ্ঠান রিমার্ক এইচবি লিমিটেড। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকার সুপারশপ ও আধুনিক খুচরা বিক্রয়কেন্দ্রে প্রতিষ্ঠানটির বিভিন্ন ব্র্যান্ডের পণ্যের উপস্থিতি ও জনপ্রিয়তা দিন দিন বাড়ছে।
ব্যক্তিগত পরিচর্যা, স্কিন কেয়ার, হোম কেয়ার, হেয়ার কেয়ার এবং কসমেটিকস ক্যাটাগরিতে নিজেদের পরিসর বাড়াচ্ছে রিমার্ক। বর্তমানে প্রতিষ্ঠানটির লিলি, অরিক্স, একনল, সানবিট, টাইলক্স, নিওর, সিওডিল ও স্কিন মিন্টের মতো জনপ্রিয় ব্র্যান্ডের পণ্য মডার্ন ট্রেড চ্যানেলে পাওয়া যাচ্ছে। এর মধ্যে 'লিলি বডিওয়াশ' ভোক্তাদের মাঝে বেস্টসেলিং পণ্য হিসেবে বড় জায়গা করে নিয়েছে।
স্বপ্ন, আগোরা, মীনা বাজার, ইউনিমার্ট, বেস্ট বাই, প্রিন্স বাজার, আলফা মার্ট, মুস্তফা মার্ট ও আপন ফ্যামিলি মার্টের মতো দেশের শীর্ষস্থানীয় প্রায় সব সুপারশপেই এখন সুসজ্জিতভাবে পাওয়া যাচ্ছে রিমার্কের পণ্য।
রিমার্কের মডার্ন ট্রেড চ্যানেলের হেড অব সেলস হেলাল উদ্দিন বলেন, গত বছরের একই সময়ের তুলনায় চলতি বছর এই চ্যানেলে উল্লেখযোগ্য সাফল্য এসেছে। তিনি বলেন, "আমাদের কাছে সবচেয়ে বড় অর্জন হলো ক্রেতাদের আস্থা অর্জন করা। রিমার্ক শুধু পণ্য বিক্রি করতে চায় না, মানসম্মত ও নির্ভরযোগ্য পণ্যের মাধ্যমে ক্রেতার দীর্ঘমেয়াদি আস্থা তৈরি করতে চায়।"
তিনি আরও জানান, মাঠপর্যায়ে টিমের কার্যক্রম আরও গতিশীল করা এবং সুপারশপে পণ্যের উপস্থিতি ও ডিসপ্লে বাড়ানোর মাধ্যমে চলতি বছরের সেলস টার্গেট ছাড়িয়ে যাওয়ার লক্ষ্য নিয়ে কাজ করছে প্রতিষ্ঠানটি।
দেশের চাহিদা মিটিয়ে রিমার্কের পণ্য এখন যুক্তরাষ্ট্র, মধ্যপ্রাচ্য, থাইল্যান্ড, মালয়েশিয়া, ফিলিপাইন ও ভারতসহ বিভিন্ন আন্তর্জাতিক বাজারে রপ্তানি ও বাজারজাত হচ্ছে। বিশ্বমানের পণ্য উৎপাদন ও গুণগত মানের স্বীকৃতিস্বরূপ প্রতিষ্ঠানটি বিএসটিআইয়ের পাশাপাশি হালাল ও সিজিএমপি সার্টিফিকেশন অর্জন করেছে। এছাড়া ২০২৫ সালে পরিবেশবান্ধব উৎপাদনকারী প্রতিষ্ঠান হিসেবে মর্যাদাপূর্ণ 'গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড' লাভ করে রিমার্ক।
মডার্ন ট্রেড চ্যানেলের প্রবৃদ্ধি ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বুধবার (১৬ সেপ্টেম্বর ২০২৬) রাজধানীর ধানমন্ডির একটি অভিজাত রেস্তোরাঁয় রিমার্কের সেলস মিট অনুষ্ঠিত হয়। এতে চ্যানেলের দুই শতাধিক কী-অ্যাকাউন্টস ম্যানেজার, এরিয়া ম্যানেজার, মার্চেন্ডাইজার ও ব্র্যান্ড প্রমোটর অংশ নেন।
অনুষ্ঠানে চমৎকার সেলস পারফরম্যান্সের জন্য সেরা পাঁচ ব্র্যান্ড প্রমোটরকে সম্মাননা দেওয়া হয়। তারা হলেন—কুমিল্লার হাফসা আক্তার, গাজীপুরের ফারহানা আক্তার, নারায়ণগঞ্জের শ্রাবণী সাহা, ঢাকার সুমাইয়া ইসলাম মিতু এবং বগুড়ার হালিমা খাতুন নদী।
সম্মাননা পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে ব্র্যান্ড প্রমোটর শ্রাবণী সাহা বলেন, "যখন কোনো ক্রেতা রিমার্কের পণ্যের প্রশংসা করেন এবং নিয়মিত ক্রেতা হয়ে ওঠেন, তখন কাজের অনুপ্রেরণা বহুগুণ বেড়ে যায়।"
Comments