স্মার্ট ক্যাম্পাসের পথে ইউএপি, চালু হলো 'ওয়ানকার্ড'
স্মার্ট ও ডিজিটাল ক্যাম্পাস গড়ে তোলার লক্ষ্যে ডিজি ইনফোটেক লিমিটেডের সহযোগিতায় 'ইউএপি ওয়ানকার্ড' চালু করেছে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি)। এর মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের পরিচয়পত্র, বিভিন্ন ক্যাম্পাস সেবা, ক্যাশলেস পেমেন্ট এবং ডিজিটাল ক্রেডেনশিয়াল ব্যবস্থাপনাকে একটিমাত্র সমন্বিত প্ল্যাটফর্মের আওতায় আনা হলো।
বিশ্ববিদ্যালয়টির ৩০ বছর পূর্তি উদযাপনের অংশ হিসেবে সোমবার রাজধানীর গ্রিন রোডের বিশ্ববিদ্যালয় অডিটোরিয়ামে এক জমকালো অনুষ্ঠানে এই 'ইউএপি ওয়ানকার্ড'-এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।
ডিজি ইনফোটেক লিমিটেডের কারিগরি সহযোগিতায় চালুকৃত এই সিস্টেমে একটি ফিজিক্যাল স্মার্ট কার্ডের পাশাপাশি রয়েছে বেশ কিছু আধুনিক অ্যাপ ও প্ল্যাটফর্ম।
OneID App: ডিজিটাল পরিচয় ও ক্রেডেনশিয়াল ব্যবস্থাপনার জন্য। DGePay App & Merchant App: অ্যাকাউন্ট ব্যবস্থাপনা, ক্যাশলেস পেমেন্ট এবং কিউআর কোড স্ক্যানের মাধ্যমে সহজে পেমেন্ট লেনদেনের সুবিধা। OneCard Vault: সার্টিফিকেট, পরিচয়পত্র, এনরোলমেন্ট লেটার ও ট্রান্সক্রিপ্টের মতো গুরুত্বপূর্ণ নথি নিরাপদে ডিজিটালভাবে সংরক্ষণ করার সুবিধা।
প্রাথমিক পর্যায়ে ওয়ানকার্ডের আওতায় উপস্থিতি (অ্যাটেনডেন্স), লাইব্রেরি, ক্যান্টিন এবং ডিজিটাল পরিচয় সেবা চালু হয়েছে। তবে পর্যায়ক্রমে এর সঙ্গে আরও বিভিন্ন ক্যাম্পাস সেবা যুক্ত করার পরিকল্পনা রয়েছে কর্তৃপক্ষের।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপদেষ্টা মো. ইসমাইল জাবিউল্লাহ ইউএপি ওয়ানকার্ডকে উচ্চশিক্ষার ডিজিটাল রূপান্তরের ক্ষেত্রে একটি যুগান্তকারী পদক্ষেপ হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আরও দক্ষ ও শিক্ষার্থীবান্ধব করতে এমন প্রযুক্তিনির্ভর সেবার বিকল্প নেই।
ইউএপি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান কে. এম. মোজিবুল হক বলেন, এই উদ্যোগ ইউএপির ডিজিটাল সেবাকে আরও শক্তিশালী করবে এবং একটি আধুনিক, দক্ষ ও সংযুক্ত ক্যাম্পাস পরিবেশ গড়ে তুলতে বড় ভূমিকা রাখবে।
সভাপতির বক্তব্যে ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া বলেন, "ওয়ানকার্ড হলো আধুনিক ও সমন্বিত সেবা ব্যবস্থাপনার একটি অনন্য ধারণা। এর ফলে দৈনন্দিন ক্যাম্পাস কার্যক্রম আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে।"
অনুষ্ঠানে ওয়ানকার্ডের কার্যক্রম নিয়ে একটি ভিডিও প্রদর্শনী এবং শিক্ষার্থীদের জন্য একটি প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়। সেখানে ডিজি ইনফোটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা রাশেদ মাহমুদ ওয়ানকার্ডের প্রযুক্তিগত দিকসমূহ বিস্তারিতভাবে তুলে ধরে শিক্ষার্থীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন।
উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ইউএপির ট্রাস্টি বোর্ডের সদস্য, শিক্ষক, কর্মকর্তা এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
Comments