বরুড়া প্রেসক্লাবের সভাপতি কামরুজ্জামান জনি, সম্পাদক ইলিয়াছ আহমেদ
কুমিল্লার বরুড়া প্রেসক্লাবের নির্বাচন শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হয়েছে। বুধবার (৪ জুন) বরুড়া ডক্টরস কমিউনিটি হাসপাতালের ডা. আনিস উল হাসান হলরুমে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন দৈনিক মুক্তির লড়াই পত্রিকার সম্পাদক মো. কামরুজ্জামান জনি এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আমাদের সময়-এর বরুড়া প্রতিনিধি মো. ইলিয়াছ আহমদ।
এছাড়া সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক আজকের সংবাদ পত্রিকার বরুড়া প্রতিনিধি মহসিন মিয়া।
নির্বাচনের অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি মো. আবদুস সালাম, অর্থ সম্পাদক এম ডি আজিজুর রহমান, দপ্তর সম্পাদক ওমর ফারুক, প্রচার সম্পাদক গাজী শরীফ উদ্দিন, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো. বিল্লাল হোসেন এবং নির্বাহী সদস্য তাছলিমা আক্তার।
নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন কুমিল্লা জেলা সাংবাদিক ইউনিয়নের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের নির্বাহী সদস্য মো. শাহ আলম শফি। কমিশনের সদস্য হিসেবে ছিলেন মো. আমিনুল ইসলাম ও ফয়জুল ইসলাম পলাশ।
নির্বাচন শেষে নবনির্বাচিত নেতারা বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতা চর্চার মাধ্যমে বরুড়া প্রেসক্লাবকে আরও গতিশীল, শক্তিশালী ও ঐক্যবদ্ধ সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।
Comments