অক্টোবরের প্রথম ৭ দিনে ডেঙ্গুতে ৪৯ জনের মৃত্যু
দেশে ডেঙ্গুর প্রকোপ অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও পাঁচজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৯৩৫ জন। এ নিয়ে অক্টোবরের প্রথম সাত দিনে ডেঙ্গুতে প্রাণ হারিয়েছেন ৪৯ জন।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ডেঙ্গুবিষয়ক বুলেটিনে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরে ডেঙ্গুতে মোট ২৯৪ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে সেপ্টেম্বরে সর্বোচ্চ ১৪৮ জন মারা গেছেন। আগস্টে ৪৩ জন, জুলাইয়ে ৩৬ জন, জুনে ১৩ জন এবং মে মাসে একজনের মৃত্যু হয়েছে। জানুয়ারি ও ফেব্রুয়ারি দুই মাসেই দুজন করে প্রাণ হারিয়েছেন।
বুলেটিনে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন হাসপাতালে ডেঙ্গু আক্রান্ত ১ হাজার ৯৩৫ জন ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ১৫১ জনে। একই সময়ে সুস্থ হয়ে হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন ২ হাজার ৫৭ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৮৮ হাজার ২০৮ জন।
এছাড়াও বিভাগভিত্তিক হিসাবে, গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি ৭৯০ জন রোগী ভর্তি হয়েছেন ঢাকা বিভাগে। এ ছাড়া খুলনায় ২৯২ জন, চট্টগ্রামে ২৮০ জন, রাজশাহীতে ২০৬ জন, বরিশালে ১৯৫ জন, ময়মনসিংহে ৯৩ জন এবং রংপুরে ৬৪ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
Comments