ইশরাকের পদত্যাগ: স্ত্রীর ‘রহস্যময়’ পোস্ট ভাইরাল
ব্যক্তিগত ও দলীয় স্বচ্ছতা বজায় রাখার স্বার্থে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করার ঘোষণা দিয়েছেন ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন। এই রাজনৈতিক ঘটনার পরপরই তাঁর স্ত্রী ব্যারিস্টার নুসরাত খান সামাজিক যোগাযোগমাধ্যমে 'ক্ষমতা' সংক্রান্ত মার্কিন নাগরিক অধিকার আন্দোলনের নেতা মার্টিন লুথার কিং জুনিয়রের একটি বিখ্যাত উদ্ধৃতি শেয়ার করেছেন, যা মুহূর্তেই নেটিজেনদের নজর কেড়েছে।
রোববার (১৯ অক্টোবর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে স্বামী ইশরাক হোসেনের একটি ছবি যুক্ত করে মার্টিন লুথার কিং জুনিয়রের ওই ইংরেজি উদ্ধৃতিটি পোস্ট করেন ব্যারিস্টার নুসরাত।
পোস্টে মার্টিন লুথার কিং জুনিয়রের উদ্ধৃতিটি ছিল এমন—
"Power properly understood is nothing but the ability to achieve purpose. It is the strength required to bring about social, political and economic change."
যার বাংলা অর্থ দাঁড়ায়—'যথাযথভাবে বুঝলে ক্ষমতা হলো লক্ষ্য অর্জনের শক্তি। এটি সেই শক্তি, যা সামাজিক, রাজনৈতিক ও অর্থনৈতিক পরিবর্তন আনার জন্য প্রয়োজন।'
নেটিজেনদের প্রতিক্রিয়া
পোস্টটি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন ধরনের মন্তব্য ও আলোচনা শুরু হয়েছে। পাঠকদের একাংশ ইশরাক হোসেনের পদত্যাগকে ইতিবাচক হিসেবে দেখছেন, আবার অনেকে ব্যারিস্টার নুসরাতকে আইনি ও রাজনৈতিক পরামর্শ দেওয়ার আহ্বান জানিয়েছেন।
শফিকুল ইসলাম নামের একজন লিখেছেন, "ইশরাক হোসেন পদত্যাগ করে দলকে বুঝিয়ে দিলেন যে ত্যাগীরা মাথা উঁচু করে চলে, নিচু করে নয়।"
সাইফুল আলম লিখেছেন, "ভবিষ্যতে রাজনীতিতে নতুন ইতিহাস গড়বেন ইশরাক ভাই, ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা উত্তম পরিকল্পনাকারী; অনেক সময় মানুষের দুই চোখে যেটা নেগেটিভ বা ক্ষতি, আল্লাহর কাছে সেটাই পজিটিভ।"
ব্যারিস্টার নুসরাতকে উদ্দেশ্য করে শাহ আলম লিখেছেন, "আশা করি একজন ব্যারিস্টার হিসেবে আপনি ইশরাক ভাইকে আরও বেশি পরামর্শ দেবেন। আইনের মধ্যে থেকে তাঁকে কীভাবে কাজ করতে হবে, সে বিষয়ে সাহায্য করবেন। আপনার সাপোর্ট ও পরামর্শ তাঁর অনেক বেশি প্রয়োজন।"
সোহেল আহমেদ মন্তব্য করেছেন, "কখনো কখনো নিয়ন্ত্রণহীন ক্ষমতা খোদ ক্ষমতাকেই চ্যালেঞ্জ করে বসে; ক্ষমতা থাকা এবং না থাকা—এই দুই অবস্থাতেই সমূহ বিপদের সম্ভাবনা রয়েছে। ক্ষমতা প্রয়োগ করার আগে তা সুসংহত করতে হয়।"
Comments