টাঙ্গাইলে পাটক্ষেতের আড়ালে গাজা চাষ, মাদক ব্যবসায়ী আটক
টাঙ্গাইলের ভূঞাপুরে পাটক্ষেতের আড়ালে গাজা চাষের অভিযোগে গাজার গাছসহ আল আমিন (৩৮) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তার পাটক্ষেত থেকে ১১টি গাজার গাছ উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলার অর্জুনা ইউনিয়নের বলরামপুর পশ্চিমপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটক করা আল আমিন বলরামপুর গ্রামের মৃত বাদশা মিয়ার ছেলে।
টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী আল আমিন তার বাড়ির আঙিনার পাটক্ষেতে গোপনে গাজা চাষ করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকালে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ রাশিদুল ইসলামের নেতৃত্বে বলরামপুর এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে পাটক্ষেত থেকে ১১টি গাজার গাছ উদ্ধারসহ আল আমিনকে হাতেনাতে আটক করা হয়। পরে তাকে ভূঞাপুর থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়।
টাঙ্গাইল জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ রাশিদুল ইসলাম জানান, আটক করা আসামি আল আমিনের বিরুদ্ধে তিনি বাদী হয়ে ভূঞাপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। তিনি আরও বলেন, জেলায় মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Comments