নেত্রকোনায় বজ্রপাতে নিহত ২
নেত্রকোনার সদর উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে মাদ্রাসা শিক্ষক জামাল মুন্সি ও সিএনজি চালক সবুজ মিয়া নিহত হয়েছেন। রোববার (১৪ জুন) সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার আমতলা সাপমারা গ্রামের মহিলা মাদ্রাসার পাশে ও কাইলাটি গ্রামে এ বজ্রপাত হয়।
স্থানীয় লোকজন জানায়, জামাল মুন্সি আমতলার সাপমারা একটি কওমি মহিলা মাদ্রাসার শিক্ষক ছিলেন। ফজরের নামাজ শেষ করে তিনি সকাল সাড়ে ছয়টার দিকে মাদ্রাসার পাশে বৃষ্টির মধ্যে মাছ ধরতে যান। এ সময় বজ্রপাতে তিনি গুরুতর আহত হন। বৃষ্টির শেষে লোকজন রাস্তা দিয়ে যাওয়ার সময় জামাল মুন্সিকে আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পরিবারের সদস্যদের খবর দেন। তাকে উদ্ধার করে নেত্রকোনা জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অন্যদিকে একইদিন সকালে কাইলাটি গ্রামের সিএনজি চালক সবুজ মিয়া সিএনজি নিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় বজ্রপাতের কবলে পড়েন। স্থানীয়রা দ্রুত তাকে নেত্রকোনা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নেত্রকোনা সদর থানার ওসি মো. আল মামুন সরকার বিষয় নিশ্চিত করে জানান,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়।
নেত্রকোনার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ্ আল বাকিউল বারী জানান, আমতলা ইউনিয়নে জামাল মুন্সি নামে একজন মাদ্রাসা শিক্ষক ও কাইলাটি গ্রামে সিএনজি চালক বজ্রপাতে মারা যাওয়ার খবর পেয়েছি। নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান করা হবে।
Comments