টাঙ্গাইলে নিখোঁজের ৪ দিন পর যুবদল কর্মীর লাশ উদ্ধার, আটক ৫
নিখোঁজের চার দিন পর টাঙ্গাইলের ঘাটাইলে উদ্ধার হলো যুবদল কর্মী মিন্টু খানের লাশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ ৫ জনকে আটক করেছে। নৃশংস এ হত্যাকাণ্ডে শোকের ছায়া নেমে এসেছে পুরো উপজেলায়।
বৃহস্পতিবার (৪ এপ্রিল) সকালে ঘাটাইল থানার ওসি মোকছেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার ৩ এপ্রিল দিবাগত রাতে উপজেলার কাউনটার বিল থেকে মিন্টু খানের লাশ উদ্ধার করে পুলিশ।
নিহত মিন্টু খান ২৮ ঘাটাইল উপজেলার আমুয়াবাইদ গ্রামের মজিদ মাস্টারের ছেলে। তিনি ঘাটাইল উপজেলা ছাত্রদল ও যুবদলের সক্রিয় কর্মী হিসেবে পরিচিত ছিলেন।
পরিবার সূত্রে জানা যায়, রোববার ৩১ মার্চ সকালে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন মিন্টু। আত্মীয়-স্বজন ও সহকর্মীরা চার দিন ধরে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। অবশেষে বুধবার রাতে বিল থেকে লাশ উদ্ধারের খবর আসে।
এ ঘটনায় ঘাটাইল থানার ওসি মোকছেদুর রহমান জানান, মিন্টু নিখোঁজ হওয়ার পর থেকেই পুলিশ তৎপর ছিল। সন্দেহভাজন ৫ জনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের দেওয়া স্বীকারোক্তির ভিত্তিতেই কাউনটার বিল থেকে গভীর রাতে লাশ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, প্রাথমিক সুরতহালে লাশের শরীরে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ময়নাতদন্তের জন্য লাশ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাটাইল থানায় হত্যা মামলা দায়ের প্রস্তুতি চলছে।
Comments