গোপালগঞ্জে প্রেমিকের বাড়ির লোকজনের হামলায় প্রেমিকাসহ আহত-৫, ভাঙচুর
গোপালগঞ্জে প্রেমঘটিত কারনে প্রেমিকের বাড়ির লোকজনের হামলায় প্রেমিকাসহ অন্তত ৫জন আহত হয়েছেন। এসময় প্রেমিকার বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করা হয়।
মঙ্গলবার (২৮ এপ্রিল) সকালে গোপালগঞ্জ সদর উপজেলার ভেড়ারবাজার গ্রামের এ ঘটনা হয়। আহতরা হলেন-নির্জনা (২২), শামীমা জাহান (১৮), রিমা আক্তার (৩৪) ও রেখা আক্তার (৩৫)। এদের গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা গেছে, ভেড়ারবাজার গ্রামের টিটু গাজীর মেয়ে শামিমা জাহানের সাথে ঘোষেরচর গ্রামের আলমগীর কাজীর ছেলে হায়াত কাজীর মধ্যে প্রেমের সম্পর্ক চলে আসছিল। এ নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ দেখা দেয়। এর জের ধরে আজ সকালে প্রেমিক হায়াত কাজীর মামা হরিদপুর ইউনিয়ন পরিষদের সদস্য জয় কাজী তার লোকজন নিয়ে প্রেমিকার বাবা টিটু গাজী ও নানা বেলায়েত শেখের বাড়ীতে গিয়ে হামলা চালায়। এসময় মারধরে প্রেমিকাসহ অন্তত ৫ জন আহত হন ও বাড়িঘর ভাঙচুর করে। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করেন।
আহত রিমা আক্তার বলেন, হঠাৎ করেই হরিদপুর ইউনিয়ন পরিষদের সদস্য জয় কাজী তার লোকজন আমাদের উপর হামলা চালায়। এসময় তাদের মারধরে ৫জন আহত হয়।
অভিযুক্ত হরিদপুর ইউনিয়ন পরিষদের সদস্য জয় কাজী বলেন, তাদের মারধর করা হয়নি। মহিলাদের মধ্যে কথা কাটাকাটি হলে আমি ঠেকাতে যাই। আমি যেহেতু ইউনিয়ন পরিষদের সদস্য তাই আমার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনছে।
গোপালগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আনিসুর রহমান জানান, এখন পযর্ন্ত থানায় কোন অভিযোগ আসেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Comments