পদ্মায় জেলের বড়শিতে ধরা পড়ল নোনা পানির কুমির: বন বিভাগের উদ্ধার
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার পদ্মা নদীতে জেলের বড়শিতে একটি নোনা পানির কুমির ধরা পড়ার ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার (২৭ এপ্রিল) সকাল ৭টার দিকে উপজেলার গোপালপুর এলাকার পদ্মা নদীতে মাছ ধরতে গিয়ে জেলেদের হাজাইরা বড়শিতে কুমিরটি আটকা পড়ে।
স্থানীয় জেলেরা জানান, প্রতিদিনের মতোই তারা ভোরে নদীতে মাছ ধরতে যান। এ সময় হঠাৎ করে তাদের বড়শিতে বড়সড় কিছু আটকে যায়। প্রথমে বড় মাছ ভেবে টানতে থাকলেও পরে কাছে এনে দেখেন সেটি একটি কুমির। পরে তারা সতর্কতার সঙ্গে কুমিরটিকে উদ্ধার করে চরভদ্রাসন সদর ইউনিয়নের কাজি বাড়ির ঘাটে নিয়ে আসেন। কুমির ধরা পড়ার খবর দ্রুত এলাকায় ছড়িয়ে পড়লে উৎসুক জনতা নদীর পাড়ে ভিড় জমায়। স্থানীয়দের অনেকেই জীবনে প্রথমবারের মতো কাছ থেকে কুমির দেখার সুযোগ পান।
উদ্ধার কাজে অংশ নেওয়া জেলেরা স্বপন ব্যাপারী, রাজীব ব্যাপারী ও বিল্লাল খান জানান, কুমিরটি বড়শির সঙ্গে জড়িয়ে পড়ায় তারা সেটিকে সাবধানে নিয়ন্ত্রণে আনেন এবং বন বিভাগের কাছে হস্তান্তরের জন্য ঘাটে বেঁধে রাখেন।
এ বিষয়ে চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া মমতাজ বলেন, ঘটনার খবর পাওয়ার পর আমরা দ্রুত বনবিভাগের সঙ্গে যোগাযোগ করি এবং তারা ঘটনাস্থলে এসে কুমিরটিকে উদ্ধার করে।
খুলনা বিভাগের বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা তন্ময় আচার্য্যর নেতৃত্বে বন বিভাগের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থল থেকে ৫ ফুট লম্বা ও প্রায় দেড় মণ ওজনের পুরুষ কুমিরটিকে উদ্ধার করে। তিনি জানান, এটি মূলত নোনা পানির কুমির, যা খাবারের সন্ধানে সমুদ্র থেকে মিষ্টি পানির এই নদীতে চলে এসেছে।
বর্তমানে কুমিরটিকে বন বিভাগের হেফাজতে রেখে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বন বিভাগ জানিয়েছে, কুমিরটির শারীরিক অবস্থা নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। চিকিৎসা শেষে কুমিরটি পুরোপুরি সুস্থ হলে এবং তার শারীরিক সক্ষমতা বিবেচনা করে সেটিকে কবে এবং কোথায় অবমুক্ত করা হবে, সে বিষয়ে উর্ধ্বতন কর্তৃপক্ষ পরবর্তীতে সিদ্ধান্ত নেবে। কুমিরটি উদ্ধার হওয়ায় স্থানীয় বাসিন্দাদের মাঝে স্বস্তি ফিরে এলেও প্রশাসনের পক্ষ থেকে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
Comments