টুঙ্গিপাড়ায় গাছ কাটাকে কেন্দ্র করে নারীকে মারধরের অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গাছ কাটাকে কেন্দ্র করে মনিরা বেগম (৪৫) নামের এক নারীকে মারধরে অভিযোগ উঠেছে এক বিএনপি নেতার বিরুদ্ধে। এ ঘটনায় গ্রাম জুড়ে আলোচলা-সমালোচনা ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।
রবিবার (২৬ এপ্রিল) টুঙ্গিপাড়া পৌর এলাকার ১নম্বর ওয়ার্ডের পাচ কাহানিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযুক্ত ওই বিএনপি নেতা হলেন-টুঙ্গিপাড়া পৌরসভার ১ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ঠান্ডা শেখ। আহত ওই নারী হলেন, একই গ্রামের মৃত আব্দুর রউফ শেখের মেয়ে মনিরা বেগম। তাকে প্রথমে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল-এ পাঠানো হয়।
ভুক্তভোগী আহত মনিরা বেগম জানান, রবিবার সকালে তিনি তার এসএসসি পরীক্ষার্থী মেয়েকে নিয়ে পরীক্ষা দিতে বের হচ্ছিলেন। এ সময় তাদের বাড়ির জমিতে গাছ কাটার কাজ চলছিল। হঠাৎ টুঙ্গিপাড়া পৌরসভার ১নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ঠান্ডা শেখ এসে গাছ কাটায় বাধা দেন। এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ঠান্ডা শেখ মনিরার গলা চেপে ধরে ধাক্কা দিয়ে ফেলে দেন ও মারধর করেন এবং লাঠি দিয়ে মাথায় আঘাত করেন। পরে পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মনিরা বেগম আরো বলেন, আমার ভাইরা চাকরির কারণে বাইরে থাকে। আমি আমার অসুস্থ বৃদ্ধ মাকে নিয়ে বাড়িতে থাকি। সেই সুযোগে ভয়ভীতি দেখিয়ে আমার জমি দখলের চেষ্টা করা হয়েছে। অভিযুক্ত ঠান্ডা শেখ বদলীয় প্রভাব খাটিয়ে গাছ দখল করতে এসে মারধর করেন। এ ঘটনায় ঠান্ডা শেখের ছেলে জসিম শেখও উপস্থিত ছিলেন বলেও অভিযোগ করেন তিনি।
অভিযুক্ত পৌরসভার ১নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ঠান্ডা শেখ অভিযোগ অস্বীকার করে বলেন, জমিটি নিয়ে আগে থেকেই বিরোধ চলছে। গাছ কাটতে নিষেধ করায় উল্টো তার ওপর হামলা করা হয় বলেই উল্টো অভিযোগ করেন।
স্থানীয় বিএনপি নেতা মোল্লা ইমদাদ হোসেন বলেন, অপরাধী যেই হোক, তার বিচার হবে। দল কোনো অপরাধীকে প্রশ্রয় দেয় না।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) আইয়ুব আলী জানান, লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
Comments