ব্রাহ্মণবাড়িয়ায় ৬০ বিজিবির অভিযানে একদিনে সাড়ে ৩ কোটি টাকার অবৈধ পণ্যসহ একমাসে জব্দ সাড়ে ১৬ কোটি টাকার চোরাচালান পণ্য।
গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে ৩ কোটি টাকার অবৈধ ভারতীয় শাড়ি ও চশমা আটক করেছে ব্রাহ্মণবাড়িয়াস্থ ৬০ বিজিবি সুলতানপুর ব্যাটালিয়ন। সোমবার ৩০ মার্চ ব্যাটালিয়নের দায়িত্বাধীন ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলা ও কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়া উপজেলায় অভিযান পরিচালনা করে এসব চোরাচালান পণ্য আটক করে বিজিবি। সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল এস এম শরিফুল ইসলাম জানান, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার মাদলা বিওপির বিশেষ টহলদল দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ২ হাজার ৪শ ৬৮ পিস ভারতীয় উন্নতমানের শাড়ী আটক করে ব্যাটালিয়নের টহল দল। আটককৃত পণ্যের সিজার মূল্য ২ কোটি ৬ লক্ষ্য ২১ হাজার টাকা।
এছাড়াও কুমিল্লা জেলার ব্রাক্ষণপাড়া উপজেলার শশীদল বিওপির অপর একটি টহলদল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে মোট ১৭ হাজার ২৯৮ পিস উন্নতমানের চশমা আটক করতে সক্ষম হয়। আটককৃত পণ্যের সিজার মূল্য ১ কোটি ৩৮ লক্ষ ৩৮ হাজার ৪শ টাকা। দুটি অভিযানে একদিনে ৬০ বিজিবির টহল দল সর্বমোট ৩ কোটি ৪৪ লক্ষ ৫৯ হাজার টাকার চোরাচালান পণ্য জব্দ করেছে। আটককৃত চোরাচালানী মালামাল কাষ্টমস্ অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধের প্রভাবে বাংলাদেশ হতে তৈল/লুব্রিকেন্ট যাতে ভারতে পাচার হতে না পারে সে ব্যাপারে বিজিবি সর্বোচ্চ সতর্ক থাকার পাশাপাশি সীমান্তে টহল তৎপরতা বৃদ্ধিসহ নজরদারী বৃদ্ধি করা হয়েছে বলে জানান ব্যাটালিয়নের অধিনায়ক।
উল্লেখ্য, চলতি মার্চ মাসে সুলতানপুর ব্যাটলিয়ন ১০ জন আসামীসহ সর্বমোট ১৬ কোটি ৪৩ লক্ষ ৩৫ হাজার টাকা মূল্যমানের চোরাচালানী পণ্য জব্দ করেছে।
Comments