ফরিদপুরে নিয়ন্ত্রণ হারিয়ে গাছে পিকআপের ধাক্কা: তরমুজ ব্যবসায়ী নিহত
ফরিদপুর ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর সদর উপজেলার চন্ডিপুর এলাকায় এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মো. ইউসুফ আলী শেখ (৪৫) নামে এক মৌসুমি ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। বুধবার (১৮ মার্চ) সকালে তরমুজবোঝাই একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটে।নিহত ইউসুফ আলী রাজবাড়ী সদর উপজেলার খানখানাপুর এলাকার জবেদ আলী শেখের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে ফলের ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। এই ঘটনায় মোহাম্মদ আতিয়ার (৪২) নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন, যাকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ভোরে ফরিদপুর থেকে তরমুজবোঝাই করে একটি পিকআপ ভ্যান রাজবাড়ীর খানখানাপুরের উদ্দেশ্যে রওনা দেয়। পথে চন্ডিপুর গ্রামের রুবেল মিয়ার বাড়ির সামনে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। দ্রুতগতির পিকআপটি সড়কের পাশে থাকা একটি গাছে সজোরে ধাক্কা দিলে সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই ব্যবসায়ী ইউসুফ আলীর মৃত্যু হয় এবং সড়কে তরমুজগুলো ছড়িয়ে পড়ে। দুর্ঘটনার পরপরই পিকআপের চালক পালিয়ে যায়।
খবর পেয়ে করিমপুর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করে এবং যান চলাচল স্বাভাবিক করে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতি বা চালকের অসতর্কতার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। পলাতক চালককে শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে এবং এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
এদিকে স্থানীয়রা অভিযোগ করেছেন, এই মহাসড়কে নিয়মিত বেপরোয়া গতিতে যানবাহন চলাচল করায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। তারা নিরাপদ সড়কের দাবিতে প্রশাসনের কঠোর নজরদারি কামনা করেছেন।
Comments