UNGA’র ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত ড. খলিলুর রহমান, শুভেচ্ছা জানালেন মুইজ্জু
জাতিসংঘ সাধারণ পরিষদের (UNGA) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ায় বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও অভিজ্ঞ কূটনীতিক ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছেন ড. মোহাম্মদ মুইজ্জু।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (X) দেওয়া এক বার্তায় প্রেসিডেন্ট মুইজ্জু ড. খলিলুর রহমানের প্রতি শুভেচ্ছা জানিয়ে তার নতুন দায়িত্ব পালনে সাফল্য কামনা করেন। তিনি বলেন, ড. খলিলুর রহমানের নেতৃত্বে জাতিসংঘ সাধারণ পরিষদ বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় আরও কার্যকর ভূমিকা পালন করবে এবং সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতা ও সংলাপের ক্ষেত্রকে আরও শক্তিশালী করবে।
মুইজ্জু এ অর্জনকে শুধু বাংলাদেশের নয়, সমগ্র দক্ষিণ এশিয়া অঞ্চলের জন্যও একটি গর্বের মুহূর্ত হিসেবে উল্লেখ করেন।
নিউইয়র্কে অবস্থিত জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত গোপন ব্যালটের নির্বাচনে ড. খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী ছিলেন আন্দ্রেয়াস এস. কাকুরিস, যিনি ৯১ ভোট লাভ করেন। মোট ১৯০টি ভোট পড়ে।
জাতিসংঘের আঞ্চলিক রোটেশন পদ্ধতি অনুযায়ী ৮১তম অধিবেশনের সভাপতির পদটি এশিয়া-প্যাসিফিক অঞ্চলের জন্য নির্ধারিত ছিল। এ পদে বাংলাদেশ ও সাইপ্রাস প্রতিদ্বন্দ্বিতা করে। এর আগে ফিলিস্তিনও আগ্রহ প্রকাশ করলেও পরে প্রার্থিতা প্রত্যাহার করে নেয়।
আগামী সেপ্টেম্বর থেকে এক বছরের জন্য UNGA সভাপতির দায়িত্ব গ্রহণ করবেন ড. খলিলুর রহমান। তিনি আনালেনা বেয়ারবক-এর স্থলাভিষিক্ত হবেন।
উল্লেখ্য, এর আগে হুমায়ুন রশিদ চৌধুরী ১৯৮৬-৮৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদের ৪১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। প্রায় চার দশক পর আবারও একজন বাংলাদেশি এ মর্যাদাপূর্ণ পদে নির্বাচিত হওয়ায় এটিকে দেশের কূটনৈতিক অঙ্গনের একটি গুরুত্বপূর্ণ সাফল্য হিসেবে দেখা হচ্ছে।
Comments