মালদ্বীপে জাতীয় নাগরিক পার্টির উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মালদ্বীপ শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৫ মার্চ) মালদ্বীপের রাজধানী মালের একটি রেস্টুরেন্টে এই ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জাতীয় নাগরিক পার্টি মালদ্বীপ শাখার যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম মামুন এবং সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের আহবায়ক ডাঃ নাফিজ রেজা। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রবাসী অধিকার পরিষদের সভাপতি মোঃ আলমগীর সিকদার এবং বাংলাদেশ ফোরাম মালদ্বীপের পাঠাগার বিষয়ক সম্পাদক দিদারুল আলম। এছাড়াও আরো বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মী এবং প্রবাসী বাংলাদেশিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
ইফতার মাহফিলে বক্তারা পবিত্র মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে বলেন, রমজান সংযম, আত্মশুদ্ধি ও মানবিক মূল্যবোধ জাগ্রত করার মাস। এ মাসের শিক্ষাকে ব্যক্তি জীবন, সমাজ ও রাষ্ট্র পরিচালনায় কাজে লাগাতে সবাইকে আহ্বান জানান তারা। পাশাপাশি প্রবাসে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
বক্তারা আরও বলেন, জাতীয় নাগরিক পার্টি দেশের গণতন্ত্র, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে কাজ করে যাচ্ছে। প্রবাসী বাংলাদেশিদের সমস্যাগুলো তুলে ধরা এবং তাদের অধিকার রক্ষায়ও দলটি সবসময় সোচ্চার ভূমিকা পালন করছে।
ইফতারের আগে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে প্রবাসে কর্মরত বাংলাদেশিদের নিরাপত্তা, সুখ-সমৃদ্ধি এবং বাংলাদেশের সার্বিক উন্নতি কামনা করা হয়।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীরা পারস্পরিক সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও দৃঢ় করার প্রত্যয় ব্যক্ত করেন।
Comments