মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশির মৃত্যু, আজ দেশে ফিরছে দুই প্রবাসীর লাশ
মালদ্বীপের দিগুরা আইল্যান্ড-এ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে পাঁচ প্রবাসী বাংলাদেশীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে দুইজনের মরদেহ রোববার (১৫ মার্চ) বাংলাদেশে পাঠানো হবে বলে জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন মালদ্বীপ।
নিহতরা হলেন— লক্ষ্মীপুরের তাজ উদ্দিন ইসলাম (৩০), ভোলার মো. রবিন মোল্লা (২৬), হবিগঞ্জের মো. সদর আলী (৪৭), বগুড়ার মো. নূরনবী সরকার (২৮) এবং নরসিংদীর সফিকুল ইসলাম (৪৫)। এর মধ্যে সদর আলী ও সফিকুল ইসলামের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।
হাইকমিশন জানায়, দুর্ঘটনার খবর পাওয়ার পরপরই মালদ্বীপ কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে নিহতদের মরদেহ দ্রুত দেশে পাঠানোর ব্যবস্থা নেওয়া হয়েছে। হাইকমিশনার ড. মোঃ নাজমুল ইসলাম ও মিশনের কর্মকর্তারা নিহতদের পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে সহায়তা প্রদান করছেন এবং ক্ষতিপূরণ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কোম্পানির সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে।
এদিকে দুর্ঘটনায় আহত দুই বাংলাদেশী— সুনামগঞ্জের জামাল উদ্দিন ও কুমিল্লার সাদ্দাম হোসেন (২৮) রাজধানী মালে-এর ইন্দিরা গান্ধী মেমোরিয়াল হাসপাতাল-এ চিকিৎসাধীন রয়েছেন। দুর্ঘটনার পরপরই হাইকমিশনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে সহায়তা প্রদান এবং ক্ষতিগ্রস্ত প্রবাসীদের জন্য বিকল্প আবাসনের ব্যবস্থা করেন।
Comments