বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল সেনেগাল, যে কীর্তি নেই অন্য আফ্রিকানদের
২০২৬ ফিফা বিশ্বকাপে নতুন ইতিহাস গড়ল সেনেগাল। সাদিও মানের দল এশিয়ান পরাশক্তি ইরাককে বিধ্বস্ত করল ৫-০ গোলে। বিশ্বকাপের ইতিহাসে প্রথম আফ্রিকান দেশ হিসেবে এক ম্যাচে ৫ গোল করার অনন্য রেকর্ড গড়ল আফ্রিকান লায়নরা।
ম্যাচে পাপে গেয়ের জোড়া গোলের পাশাপাশি একবার করে বল জালে জড়িয়েছেন আব্দুল্লায়ে সেকে, ইসমাইলা সার ও ইলিমান এনদিয়ায়ে। পূর্ণ ৩ পয়েন্ট ও দারুণ গোল ব্যবধান নিয়ে রাউন্ড অব ৩২-এ জায়গা করে নেওয়ার পথ সেনেগালের এখন অনেকটাই নিশ্চিত।
শুক্রবার (২৬ জুন) দিবাগত রাতে টরন্টো স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচ মাত্র ৪ মিনিটে আব্দুল্লায়ে সেকের হেডে এগিয়ে যায় সেনেগাল। কর্নার থেকে ভেসে আসা দুর্দান্ত এক বলে নিজের মার্কারকে ফাঁকি দিয়ে নিখুঁত হেডে বল জালে জড়ান এই সেনেগালিজ ডিফেন্ডার।
১৩ মিনিটে কাউন্টার অ্যাটাকে সাদিও মানে বল নিয়ে দ্রুত ডি-বক্সে ঢুকে পড়লে তাকে ফাউল করেন ইরাকের ডিফেন্ডার রেবিন সুলাকা। নিশ্চিত গোল বঞ্চিত করায় এই সেন্টার-ব্যাককে রেফারি সরাসরি লাল কার্ড দেখিয়ে মাঠের বাইরে পাঠিয়ে দেন।
১০ জনের দলে পরিণত হয়ে চরম চাপে পড়া ইরাকের বিপক্ষে প্রথমার্ধে অবশ্য আর কোনো গোল আদায় করতে পারেনি সেনেগাল। তবে দ্বিতীয় হাফে একের পর এক গোল বন্যায় ইরাককে ভাসিয়ে আরও চারটি গোল আদায় করে নেয় আফ্রিকান লায়নরা।
৫৬ মিনিটে লামিন কামারার পাস থেকে ফাঁকা পোস্টে বল ঠেলে ব্যবধান দ্বিগুন করেন ইসমাইলা সার। এর মাত্র ৩ মিনিট পর গোল আদায় করেন বদলি খেলোয়াড় পাপে গেয়ে। বল নিয়ন্ত্রণে নিয়ে দুর্দান্ত এক শটে জালের ওপরের কোণে বল পাঠান এই মিডফিল্ডার।
৭১ মিনিটে নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন পাপে গেয়ে। আর ম্যাচের ৮২ মিনিটে ইরাকের কফিনে শেষ পেরেকটি পুঁতে দেন ইলিমান এনদিয়ায়ে। বক্সের বাইরে প্রায় ২০ গজ দূর থেকে কোনো বাধা ছাড়াই জোরালো এক শটে বল জালের কোণায় পাঠান তিনি।
বিশ্বকাপের দীর্ঘ ইতিহাসে এ পর্যন্ত কোনো আফ্রিকান দলই একটি ম্যাচে ৫টি গোল করতে পারেনি। সেনেগাল সেই আক্ষেপ ঘুচিয়ে নিজেদের আক্রমণভাগের কার্যকারিতা প্রমাণ করল। টানা দুই হারের পর এই জয়ের ফলে 'আই' গ্রুপে ৩ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে থেকে নকআউটের চূড়ান্ত হিসাব-নিকাশে সুবিধাজনক অবস্থানে রয়েছে তারা।
গ্রুপ পর্বে গোল ব্যবধান এখন সেনেগালের সবচেয়ে বড় শক্তি। এখন তাদের লক্ষ্য সেরা তৃতীয় দলগুলোর একটি হিসেবে নকআউট পর্বে জায়গা নিশ্চিত করা। সাদিও মানেদের এই অপ্রতিরোধ্য ফর্ম নকআউটের প্রতিপক্ষদের জন্য এখন বড় সতর্কবার্তা।
Comments