খালেদা জিয়ার সাজে চমক, সামাজিক মাধ্যমে তুমুল আলোচনা
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আদলে সাজে হাজির হয়ে নতুন করে আলোচনায় এসেছেন অভিনেত্রী ও মডেল রুকাইয়া জাহান চমক। নিজের ভ্লগ সিরিজের নতুন পর্বে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক ক্যারিয়ার তুলে ধরার পাশাপাশি তাঁর পরিচিত পোশাক ও অবয়বের সঙ্গে মিল রেখে নিজেকে সাজিয়েছেন চমক।
সম্প্রতি নিজের ফেসবুক পেজে 'ডিসকভারিং বাংলাদেশ উইথ চমক' ভ্লগ সিরিজের দ্বিতীয় সিজনের ১৯তম পর্ব প্রকাশ করেন তিনি। 'বেগম খালেদা জিয়া' শিরোনামের ওই পর্ব প্রকাশের পরই সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।
ভিডিওতে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রীর রাজনৈতিক জীবন ও বিভিন্ন সময়ের ভূমিকা তুলে ধরার পাশাপাশি চমককে খালেদা জিয়ার পরিচিত সাজে দেখা যায়। ঢাকার জিয়া উদ্যানসহ কয়েকটি স্থান ও স্টুডিওতে ভিডিওটির দৃশ্য ধারণ করা হয়েছে।
ভিডিওতে চমকের পরনে ছিল হালকা রঙের প্রিন্টের শাড়ি, গলায় মুক্তার মালা এবং চোখে সানগ্লাস। পোশাক, সাজসজ্জা ও উপস্থাপনার ধরনে খালেদা জিয়ার সঙ্গে মিল থাকায় দর্শকদের মধ্যে এটি বিশেষ আগ্রহ তৈরি করে।
ভিডিওটি প্রকাশের পর অনেক দর্শক সামাজিক যোগাযোগমাধ্যমে চমকের অভিনয় ও সাজসজ্জার প্রশংসা করেন। কেউ কেউ মন্তব্য করেন, তাঁর চেহারা ও সাজে খালেদা জিয়ার সঙ্গে বেশ মিল পাওয়া গেছে। আবার অনেকে তাঁর উপস্থাপনার প্রশংসা করে এটিকে ব্যতিক্রমী একটি কাজ হিসেবে উল্লেখ করেছেন।
এর আগে চলতি বছর বিএনপির হয়ে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য পদে মনোনয়ন ফরম সংগ্রহ করে আলোচনায় এসেছিলেন চমক। ওই সময় তিনি বিএনপিতে যোগ দেওয়ার কথাও জানিয়েছিলেন।
২০১৭ সালে 'মিস ওয়ার্ল্ড বাংলাদেশ' প্রতিযোগিতায় রানারআপ হওয়ার মাধ্যমে বিনোদন অঙ্গনে পরিচিতি পান রুকাইয়া জাহান চমক। পরে ২০২০ সালে ছোট পর্দায় অভিনয়ের মধ্য দিয়ে নিয়মিত কাজ শুরু করেন তিনি। বিভিন্ন নাটক ও ওয়েব সিরিজে অভিনয়ের পাশাপাশি বর্তমানে ভ্লগিংয়েও সক্রিয় এই অভিনেত্রী।
খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক পথচলা নিয়ে তৈরি নতুন ভ্লগে তাঁর আদলে চমকের উপস্থিতি সেই কাজের ধারাবাহিকতায় নতুন করে দর্শকদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে এসেছে।
Comments