দুর্গাপূজার নিরাপত্তায় কোনো ঘাটতি নেই: ডিআইজি
শারদীয় দুর্গাপূজা ঘিরে চাঁদপুরসহ চট্টগ্রাম রেঞ্জের আওতাধীন এলাকায় সার্বিক নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। পূজা উদ্যাপন নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। দুর্গাপূজা ঘিরে নিরাপত্তার কোনো শঙ্কা নেই বলে জানিয়েছেন চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী।
শুক্রবার (১৬ অক্টোবর) রাতে চাঁদপুর শহরের ঐতিহ্যবাহী শ্রীশ্রী কালীবাড়ি মন্দির পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
ডিআইজি আব্দুল কুদ্দুছ চৌধুরী বলেন, দুর্গাপূজা নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে উদ্যাপনের লক্ষ্যে পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন), আনসার সদস্য এবং পুলিশের মোবাইল টিম দায়িত্ব পালন করছে। পাশাপাশি বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরাও সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে কাজ করছেন।
তিনি বলেন, দুর্গাপূজাকে কেন্দ্র করে বেশ কিছুদিন আগে থেকেই প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। উৎসবকে ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে, সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সজাগ রয়েছে। পূজামণ্ডপসহ গুরুত্বপূর্ণ স্থানগুলোতে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সদস্যরা দায়িত্ব পালন করছেন।
ডিআইজি আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আগে থেকেই মাদকবিরোধী অভিযান, কিশোর অপরাধ দমন এবং সড়কে চুরি-ছিনতাই প্রতিরোধে পুলিশ কাজ করেছে। পূজা চলাকালে মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং উৎসবমুখর পরিবেশ বজায় রাখাই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রধান লক্ষ্য।
এ সময় চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমান, জেলা পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ এবং চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Comments