এত দিন কোথায় ছিলেন বুবলী , সন্তান ভূমিষ্ঠ হয়েছে কোথায় ?
শুক্রবার কন্যাসন্তানের মা হওয়ার খবর জানিয়ে ফেসবুক পোস্টে বুবলী লিখেছেন, 'আলহামদুলিল্লাহ, মহান আল্লাহর অশেষ রহমতে আমাদের পরিবারে একটি কন্যাসন্তানের আগমন হয়েছে। এই আনন্দের মুহূর্তে যারা আমাদের জন্য দোয়া করেছেন এবং শুভকামনা জানিয়েছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। আমাদের মেয়ের জন্য সবার দোয়া কামনা করছি।'
বছরের শুরুতে হঠাৎই শবনম বুবলীকে প্রকাশ্যে কম দেখা যেতে থাকে। যাঁদের সঙ্গে কাজ চলছিল, তাঁদের সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন তিনি। তখন চলচ্চিত্রসংশ্লিষ্ট অনেকের আলোচনা, সন্তান জন্ম দিতে বুবলী হয়তো যুক্তরাষ্ট্রে যাচ্ছেন। কারণ, এর আগেও বুবলী সন্তান জন্ম দিতে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন। বুবলীর ঘনিষ্ঠজনদের কয়েকজন জানিয়েছেন, এবারও যুক্তরাষ্ট্রে যাওয়ার পরিকল্পনা ছিল। প্রয়োজনীয় প্রস্তুতিও নেওয়া হয়েছিল। তবে শেষ পর্যন্ত সেই পরিকল্পনা আর বাস্তবায়ন হয়নি।
পরিচিতজনদের কেউ কেউ দাবি করেছেন, যুক্তরাষ্ট্রের অভিবাসনসংক্রান্ত কড়াকড়ির কারণে শেষ মুহূর্তে বুবলীর যুক্তরাষ্ট্রে যাওয়া সম্ভব হয়নি। যদিও এ বিষয়ে বুবলী নিজে কোনো মন্তব্য করেননি। তবে তাঁর ঘনিষ্ঠ একাধিক সূত্রের মতে, যুক্তরাষ্ট্রে না গিয়ে পুরো সময়টাতে ঢাকায় ছিলেন তিনি। খোঁজ নিয়ে জানা গেছে, মাতৃত্বকালীন পুরো সময়ে ঢাকাতেই চিকিৎসকের তত্ত্বাবধানে ছিলেন বুবলী। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করিয়েছেন। নিজের ব্যক্তিগত গোপনীয়তা রক্ষায় খুব সীমিত পরিসরে চলাফেরা করেছেন। এমনকি হাসপাতালেও যাতায়াত করতেন আড়াল বজায় রেখে।
মা হওয়ার কয়েক মাস আগপর্যন্তও শুটিং এবং বিভিন্ন পণ্য প্রতিষ্ঠানের কাজ নিয়ে ব্যস্ত ছিলেন শবনম বুবলী। একাধিক সিনেমার শুটিং করেছেন। পরিচালক রায়হান রাফির 'প্রেশার কুকার' ছবির শুটিংও করেছেন ওই সময়। গত পবিত্র ঈদুল ফিতরে ছবিটি মুক্তি পায়। কিন্তু ছবিটি মুক্তি পেলেও প্রচারণায় দেখা যায়নি তাঁকে। বিষয়টি তখন অনেকের নজরে আসে। কারণ, নিজের সিনেমা মুক্তি পেলে সাধারণত হলভিজিট, মানুষের সঙ্গে কথাবার্তা বলা কিংবা গণমাধ্যমের মুখোমুখি হওয়ায় বেশ সরব থাকেন বুবলী। এবার তাঁর অনুপস্থিতি রহস্য বাড়িয়ে দেয়।
বিনোদন অঙ্গনের অনেকেই তখন ধারণা করেছিলেন, শবনম বুবলী হয়তো দেশের বাইরে আছেন। পরিচালকও বলেছিলেন, বুবলী অসুস্থ তাই এখন তিনি প্রকাশ্যে আসছেন না। আবার কেউ কেউ মাতৃত্বের বিষয়টিকে কারণ হিসেবে দেখিয়েছেন। তবে বুবলী কিংবা তাঁর পরিবারের পক্ষ থেকে এ বিষয়ে কিছুই বলা হয়নি।
কন্যাসন্তান জন্মের খবরটি ফেসবুক পোস্টে জানানোর পর সন্তানের জন্ম কোথায় হয়েছে, সেটি নিয়েও নানা আলোচনা ছিল। বুবলীর কাছের মানুষ হিসেবে পরিচিত কয়েকজন প্রথমে ঢাকার গুলশান ও পান্থপথ এলাকার দুটি হাসপাতালের নাম জানান। পরে একাধিক ঘনিষ্ঠজন নিশ্চিত করেছেন, ওই দুটি হাসপাতালের কোনোটিতে নয়, বসুন্ধরা আবাসিক এলাকার একটি বেসরকারি হাসপাতালেই বুবলীর কন্যাসন্তানের জন্ম হয়েছে। যদিও হাসপাতালের নাম প্রকাশ করতে রাজি হননি সংশ্লিষ্টরা।
Comments