৪৪তম জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মেলন শুক্রবার থেকে ঢাকায় শুরু
বাঙালির সাংস্কৃতিক চেতনার ধারক 'জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ'-এর ৪৪তম বার্ষিক অধিবেশন আগামী শুক্রবার (১০ এপ্রিল) থেকে ঢাকায় শুরু হতে যাচ্ছে। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালায় দুই দিনব্যাপী এই বর্ণাঢ্য আয়োজন অনুষ্ঠিত হবে। বুধবার (৮ এপ্রিল) ছায়ানট সংস্কৃতি ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই তথ্য জানানো হয়।
সম্মেলনের উদ্বোধন করবেন ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রথিতযশা নাট্যব্যক্তিত্ব ফেরদৌসী মজুমদার। এবারের অধিবেশনে বরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক সৈয়দ আকরম হোসেনকে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ 'রবীন্দ্রপদক' দিয়ে গুণী-সংবর্ধনা জানানো হবে।
শুক্রবার সকাল ১০টায় 'আমি মারের সাগর পাড়ি দেব'—এই গানের মধ্য দিয়ে অধিবেশনের সূচনা হবে। বৃহস্পতিবার থেকে প্রতিযোগিতার বাছাই পর্ব শুরু হবে। কিশোর ও সাধারণ বিভাগের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে শুক্রবার সকাল ১০টা ৪০ মিনিটে। সারা দেশ থেকে প্রায় সাত শতাধিক শিল্পী ও সংগঠক এই সম্মেলনে অংশ নিচ্ছেন। শুক্রবার সন্ধ্যায় নজরুল সঙ্গীত ও বিশেষ উপস্থাপনা এবং শনিবার সন্ধ্যায় গীতি-আলেখ্য, আবৃত্তি, নৃত্য ও গানের মাধ্যমে সাজানো হয়েছে অধিবেশন।
শনিবার সকাল সাড়ে ১১টায় 'বিদ্যালয়ে প্রাতিষ্ঠানিক শিক্ষা ও সঙ্গীত' শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন মফিদুল হক।
সংবাদ সম্মেলনে পরিষদের সাধারণ সম্পাদক লিলি ইসলাম সংগঠনের ইতিহাস তুলে ধরে জানান, ১৯৭৯ সালে শিল্পী জাহিদুর রহিমের প্রয়াণ দিবসে 'জাহিদুর রহিম স্মৃতি পরিষদ' নামে যাত্রা শুরু হলেও পরবর্তীকালে এর নাম পরিবর্তন করে 'জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদ্' রাখা হয়। বর্তমানে সারা দেশে সংগঠনটির ৮২টি সক্রিয় শাখা রয়েছে।
বাঙালি সংস্কৃতির সুষ্ঠু বিকাশের লক্ষ্যে প্রতি বছর এই সম্মেলন আয়োজন করা হয়। ১৯৮৪ সালের সিদ্ধান্ত অনুযায়ী, এক বছর ঢাকায় এবং পরের বছর জেলা পর্যায়ে এই বার্ষিক অধিবেশন অনুষ্ঠিত হয়ে থাকে। অধিবেশন উপলক্ষে প্রতি বছরের মতো এবারও প্রকাশিত হচ্ছে প্রবন্ধ সংকলন 'সঙ্গীত সংস্কৃতি'।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মফিদুল হক, সহসভাপতি ডা. সারওয়ার আলী, নির্বাহী সভাপতি বুলবুল ইসলাম এবং লাইসা আহমদ লিসাসহ পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
Comments