নোরা ফাতেহির ‘অশালীন’ নাচ নিয়ে বিতর্ক, নিষিদ্ধের দাবি
দক্ষিণ ভারতীয় বড় বাজেটের অ্যাকশন সিনেমা 'কেডি: দ্য ডেভিল'-এর নতুন গান 'সরকে চুনর তেরি সরকে' প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে তুমুল বিতর্ক শুরু হয়েছে। গানটিতে পারফর্ম করেছেন সঞ্জয় দত্ত ও নোরা ফতেহি। তবে মুক্তির পরই অনেক দর্শক গানটির ভাষা ও উপস্থাপনাকে 'অশালীন' ও 'যৌন ইঙ্গিতপূর্ণ' বলে সমালোচনা করছেন। এমনকি গানের নাচ নিয়েও আপত্তি তুলে কেউ কেউ এটি নিষিদ্ধ করার দাবিও জানিয়েছেন।
গানটি একযোগে বিভিন্ন ভাষায় প্রকাশ করা হয়। বেঙ্গালুরু-তে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এটি উন্মোচন করা হয়, যেখানে লাইভ পারফরম্যান্স ও প্রচারণার মধ্য দিয়ে দর্শকদের সামনে গানটি তুলে ধরা হয়। তবে অনুষ্ঠান শেষ হওয়ার পর অনলাইনে প্রতিক্রিয়ার সুর ভিন্ন দিকে মোড় নেয়।
ইউটিউবসহ বিভিন্ন প্ল্যাটফর্মে গানটি প্রকাশের পর থেকেই মন্তব্যের ঘরে সমালোচনার ঢেউ দেখা যায়। অনেকেই গানটির কথা ও উপস্থাপনাকে 'নিম্নমানের' এবং 'অশালীন' বলে অভিহিত করেছেন। কারও মন্তব্য, "অশ্লীলতার চূড়ান্ত," আবার কেউ লিখেছেন, "গানের লিরিক এত সস্তা কেন?" কেউ প্রশ্ন তুলেছেন—"২০২৬ সালে এসেও কি এমন ধরনের গান প্রয়োজন?"সমালোচনার পাশাপাশি অনেকে গানটি নিষিদ্ধ করার দাবিও তুলেছেন। তাঁদের মতে, এ ধরনের উপস্থাপনা ছবির মান কমিয়ে দেয় এবং নির্মাতাদের কাছ থেকে এমন কিছু প্রত্যাশিত নয়।
তবে এত বিতর্কের মধ্যেও 'কেডি: দ্য ডেভিল' নিয়ে দর্শকদের আগ্রহ কমেনি। ছবিটিতে সঞ্জয় দত্তের পাশাপাশি প্রধান চরিত্রে অভিনয় করেছেন ধ্রুব সারজা। গানটি নিয়ে ব্যাপক আলোচনা-সমালোচনা হলেও এখনো এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি নির্মাতারা।
Comments