একুশে পদক ২০২৬ পেলো জনপ্রিয় ব্যান্ড ওয়ারফেজ
দেশের সংস্কৃতি ও জাতীয় জীবনে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে ২০২৬ সালের একুশে পদক পেয়েছে জনপ্রিয় সংগীত ব্যান্ড ওয়ারফেজ। এ বছর বিভিন্ন ক্ষেত্রে কৃতিত্বপূর্ণ অবদানের জন্য ৯ জন বিশিষ্ট ব্যক্তি ও একটি প্রতিষ্ঠানকে এই সম্মাননা দেওয়া হয়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে পদক তুলে দেন। জাতীয় সংগীত পরিবেশন ও পবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠের মাধ্যমে অনুষ্ঠান শুরু হয়। সকাল ১০টা ৫৩ মিনিটে প্রধানমন্ত্রী মিলনায়তনে উপস্থিত হন।
সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী-এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম। স্বাগত বক্তব্য দেন সংস্কৃতি মন্ত্রণালয়ের সচিব মো. মফিদুর রহমান।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণি পদকপ্রাপ্তদের নাম ও তাঁদের অবদানের বিবরণ পাঠ করে শোনান এবং পদক প্রদান পর্ব পরিচালনা করেন।
অনুষ্ঠানে মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন দেশের কূটনীতিক, সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সমাজের বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
Comments