প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে মান্নার ছবি ভাইরাল
গত ডিসেম্বরে প্রধানমন্ত্রী তারেক রহমানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা শুরু হয়। সে সময় তাঁর সঙ্গে জনপ্রিয় চিত্রনায়ক মান্নার একটি পুরোনো ছবি নতুন করে ভাইরাল হয়। ছবিতে দুজনকে হাসিমুখে কুশল বিনিময় ও আলাপ করতে দেখা যায়।
১৭ ফেব্রুয়ারি মান্নার মৃত্যুবার্ষিকী। একই দিনে দেশের ১১তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন তারেক রহমান। দিনটির রাজনৈতিক গুরুত্বের কারণে ছবিটি আবারও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। চলচ্চিত্রভিত্তিক বিভিন্ন পেজে ছবিটি শেয়ার হওয়ায় পুরোনো সেই সাক্ষাৎ নিয়ে নতুন করে আগ্রহ তৈরি হয়েছে—সেদিন তাঁদের আলোচনার বিষয় কী ছিল?
গনমাধ্যমকে মান্নার স্ত্রী শেলী মান্না জানান, ছবিটি অনেক আগের এবং তাঁদের কাছেও সংরক্ষিত রয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ২০০২ সালের পর কোনো এক সময় পয়লা বৈশাখ উপলক্ষে রমনার বটমূলে আয়োজিত অনুষ্ঠানে তাঁদের হঠাৎ দেখা হয়। তখন বিএনপি ক্ষমতায় ছিল। মান্না সেখানে অতিথি হিসেবে অংশ নিয়েছিলেন।শেলী বলেন, তারেক রহমান মান্নার অভিনয়ের প্রশংসা করেন। আলোচনায় মূলত চলচ্চিত্র ও দেশের সামগ্রিক পরিস্থিতির বিষয় উঠে আসে। তারকারা রাজনীতিতে এসে দেশের সেবায় যুক্ত হতে পারেন কি না—এ প্রসঙ্গও আলাপ হয়। তবে মান্না সক্রিয়ভাবে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন না; তিনি অভিনয় নিয়েই ব্যস্ত থাকতেন। সেই সাক্ষাৎ সম্পর্কে তিনি ইতিবাচক মন্তব্য করেছিলেন বলেও জানান শেলী।
Comments