ভালোবাসা থেকে বঙ্গবন্ধুর কোট পরে প্রচারণা চালাচ্ছি: স্বতন্ত্র প্রার্থী সিপন ভূঁইয়া
জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গোপালগঞ্জ-০২ আসনে অবৈধ অস্ত্র উদ্ধারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন স্বতন্ত্র প্রার্থী সিপন ভূঁইয়া। রোববার (৮ ফেব্রুয়ারি) দুপুরে গোপালগঞ্জ জেলা প্রেসক্লাবে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, এলাকায় ছড়িয়ে থাকা অবৈধ অস্ত্র দ্রুত উদ্ধারে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যকর উদ্যোগ প্রয়োজন। তিনি অভিযোগ করেন, কিছু প্রার্থী নির্বাচনে টাকা ছড়িয়ে প্রভাব বিস্তার করছেন। ভোটাররা অল্প কিছু টাকা পেলেও অধিকাংশ অর্থ এলাকার প্রভাবশালীদের হাতে চলে যাচ্ছে। এ কারণে তিনি ভোটারদের টাকা না নেওয়ার আহ্বান জানান।
সিপন ভূঁইয়া বলেন, তার কাছে অর্থ না থাকলেও মানুষের ভালোবাসা রয়েছে। বঙ্গবন্ধুর প্রতি ভালোবাসা থেকেই তিনি বঙ্গবন্ধুর কোট পরে প্রচারণা চালাচ্ছেন। এতে একটি গোষ্ঠী ঈর্ষান্বিত হয়ে তার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। প্রবাসী পরিবারসহ সকলের কাছে তিনি ভোট প্রার্থনা করেন।
তিনি আরও জানান, গত শুক্রবার রাতে বাড়িতে প্রবেশের সময় তাকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়। ভাগ্যক্রমে তিনি অক্ষত রয়েছেন। তার জনপ্রিয়তায় ভীত হয়ে একটি গোষ্ঠী তাকে নির্বাচনের মাঠ থেকে সরিয়ে দিতে এ হামলার চেষ্টা করেছে বলে দাবি করেন তিনি। তিনি আশা প্রকাশ করেন, জনগণ ভোটের মাধ্যমেই এর জবাব দেবে।
Comments