পকেটে ছিল মাত্র ২৫৭ টাকা, আজ ঢালিউডের তারকা
এই গল্পটা আসলে টাকার নয়, স্বপ্নের।মাত্র ২৫৭ টাকা পকেটে নিয়ে দুই দশক আগে ময়মনসিংহ থেকে ঢাকায় এসেছিলেন এক তরুণ—নায়ক হওয়ার স্বপ্নে। অনিশ্চয়তা, অভাব আর প্রত্যাখ্যান ছিল নিত্যসঙ্গী। প্রথমবার ঢাকায় এসে টিকে থাকতে না পেরে ফিরে যেতে হয়েছিল। পরে বন্ধুদের জোগাড় করে দেওয়া ২৫৭ টাকা নিয়েই আবার আসেন। সেই ফেরাটাই বদলে দেয় জীবন।
নবাবপুরের মেস থেকে শুরু—র্যাম্প মডেলিং, রেডিও জকি, বিজ্ঞাপন, নাটক; এমনকি প্রোডাকশনে সহকারী পরিচালক হিসেবেও কাজ করেছেন। ছোট ছোট সুযোগ আঁকড়ে ধরে ধীরে ধীরে জায়গা করে নেন অভিনয় জগতে। ২০১০ সালে 'জাগো' সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক, এরপর একের পর এক চলচ্চিত্রে অভিনয় করে নিজেকে প্রতিষ্ঠিত করেন ঢালিউডের প্রথম সারির নায়ক হিসেবে।'ঢাকা অ্যাটাক' সিনেমার জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার, 'মুজিব' সিনেমায় শ্যাম বেনেগালের সঙ্গে কাজ, দেশ–বিদেশে বিভিন্ন প্রজেক্ট—সব মিলিয়ে আজ তিনি সফল তারকা আরিফিন শুভ। ২৫৭ টাকা নিয়ে ট্রেনে চড়া সেই ছেলেটির গল্প মনে করিয়ে দেয়—সাফল্য হঠাৎ আসে না, আসে লড়াই, ধৈর্য আর নিজের ওপর বিশ্বাস থেকে।
Comments