২০৫০ সালের চাহিদা বিবেচনায় দক্ষ জনবল গড়ে তুলতে উদ্যোগ নিচ্ছে সংসদ সচিবালয়
বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল ব্যবস্থাপনা ও সাংগঠনিক কাঠামো আধুনিকায়নের লক্ষ্যে দক্ষ জনবল গড়ে তোলার ওপর গুরুত্ব দিয়েছে এ সংক্রান্ত কমিটি। ২০৫০ সালের চাহিদা ও সময়োপযোগী কর্মপরিবেশের কথা বিবেচনায় নিয়ে সংসদ সচিবালয়কে আধুনিক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নেওয়া হচ্ছে।
রোববার (২৯ নভেম্বর) জাতীয় সংসদ ভবনে বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের জনবল সংক্রান্ত বিষয়াদি নিয়ে গঠিত কমিটির চতুর্থ সভায় এসব বিষয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি ও ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।
সভায় কমিটির সদস্য চিফ হুইপ নূরুল ইসলাম মনি, হুইপ এম. রুহুল কুদ্দুস তালুকদার দুলু, কাজী রফিকুল ইসলাম, সেলিম রেজা, মাহবুবুল আলম ও মোসাম্মৎ শাম্মী আক্তার উপস্থিত ছিলেন।
সভায় আগের বৈঠকের সিদ্ধান্ত বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা করা হয়। পাশাপাশি সংসদ সচিবালয়ের সব গাড়িচালকের শারীরিক সক্ষমতা-সংক্রান্ত পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করা হয়।
এ ছাড়া জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সহযোগিতায় সংসদ সচিবালয়ের সাংগঠনিক কাঠামো বা অর্গানোগ্রাম পুনর্গঠন এবং বাংলাদেশ পার্লামেন্টারি সার্ভিসের স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনার ধারণাপত্র তুলে ধরা হয়। এসব প্রস্তাব ও পরিকল্পনার বিভিন্ন দিক নিয়ে সভায় বিস্তারিত আলোচনা হয়।
সভায় সংসদ সচিবালয়ের ভবিষ্যৎ কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে একটি আধুনিক জনবল কাঠামো প্রণয়নের প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। এ ক্ষেত্রে ইউএনডিপির কারিগরি ও অন্যান্য সহযোগিতা কামনা করা হয়। প্রস্তাবিত জনবল কাঠামো আগামী কমিশনের আহ্বান করা সভায় উপস্থাপন করা যাবে বলে আশা প্রকাশ করা হয়।
সভায় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা এবং ইউএনডিপির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
Comments