গোপালগঞ্জে গ্রামীন ব্যাংকে আগুন
গোপালগঞ্জর মুকসুদপুরে জলিরপাড় গ্রামীণ ব্যাংক শাখায় ভাংচুর চালিয়ে অগ্নিসংযোগ করা হয়েছে। রোববার (২৯ নভেম্বর) বেলা ১১টার দিকে দক্ষিণ জলিরপাড় গ্রামে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচি সফল করতে সকাল থেকে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের জলিরপাড় বাসস্ট্যান্ডে টায়ারে আগুন জ্বালিয়ে অবরোধ শুরু করেন দলটির নেতাকর্মী ও সমর্থকেরা। বেলা ১১টার দিকে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দক্ষিণ জলিরপাড়ে গ্রামীণ ব্যাংকের জলিরপাড় শাখায় হামলা চালান।
এ সময় ভবনের থাই গ্লাস ও আসবাবপত্র ভাঙচুর করা হয়। এক পর্যায়ে ব্যাংকের কাগজপত্র ও আসবাবপত্র বাইরে বের করে এনে সেগুলোতে আগুন ধরিয়ে দেওয়া হয়। দক্ষিণ জলিরপাড় গ্রামের টুলু বাকচীর ভবন ভাড়া নিয়ে গ্রামীণ ব্যাংকের জলিরপাড় শাখার কার্যক্রম চলছিল বলেও জানান তারা।
এ বিষয়ে মুকসুদপুর থানার ওসি ওসি মো. মাহামুদুর রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
Comments