ওটিলিয়ার পর এবার কি তাহলে ঢাকার মঞ্চ মাতাবেন শাকিরা?
ওটিলিয়ার কনসার্টের আমেজ শেষ হতে না হতেই ঢাকার সংগীতাঙ্গনে নতুন আলোচনার জন্ম দিয়েছে আরেকটি সম্ভাব্য আয়োজন। এবার বিশ্বখ্যাত কলম্বিয়ান পপ তারকা শাকিরাকে বাংলাদেশে নিয়ে আসার পরিকল্পনার কথা জানিয়েছে ই-মেকার্স বাংলাদেশ। পরিকল্পনা বাস্তবায়িত হলে ২০২৭ সালের এপ্রিলে ঢাকার মঞ্চে দেখা যেতে পারে আন্তর্জাতিক সংগীতের জনপ্রিয় এই তারকাকে।
আয়োজক প্রতিষ্ঠানের পরিকল্পনা অনুযায়ী, রাজধানীর আর্মি স্টেডিয়ামে আয়োজন করা হতে পারে শাকিরার কনসার্ট। তবে এখনো আয়োজনের বিষয়টি চূড়ান্ত হয়নি।
গত শুক্রবার (২৭ নভেম্বর) রাতে রাজধানীর মাদানি অ্যাভিনিউয়ে রোমানিয়ান সংগীতশিল্পী ওটিলিয়ার কনসার্ট অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে শাকিরাকে ঢাকায় আনার পরিকল্পনার কথা জানান ই-মেকার্স বাংলাদেশের কর্ণধার নাঈম আশরাফ। তার এই ঘোষণার পর থেকেই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। প্রিয় তারকাকে সরাসরি দেখার সম্ভাবনায় উচ্ছ্বাস প্রকাশ করছেন দেশের সংগীতপ্রেমীরা।
বিশ্বজুড়ে জনপ্রিয়তার বিচারে শাকিরা অন্যতম আলোচিত পপ তারকা। গানের পাশাপাশি অসাধারণ নৃত্যশৈলী ও ব্যতিক্রমী মঞ্চ পরিবেশনার জন্যও রয়েছে তার আলাদা পরিচিতি। 'হিপস ডোন্ট লাই' এবং 'ওয়াকা ওয়াকা'র মতো বিশ্ব কাঁপানো গান তাকে পৌঁছে দিয়েছে জনপ্রিয়তার শীর্ষে।
বিশেষ করে ২০১০ সালের ফুটবল বিশ্বকাপের থিম সং 'ওয়াকা ওয়াকা' প্রকাশের পর আন্তর্জাতিক অঙ্গনে তার জনপ্রিয়তা আরও বিস্তৃত হয়। গানটি এখনো বিভিন্ন দেশের শ্রোতাদের কাছে সমানভাবে সমাদৃত। তার পরিবেশনায় সংগীত ও নৃত্যের সমন্বয় বরাবরই দর্শকদের মধ্যে বাড়তি উন্মাদনা তৈরি করে।
তবে বাংলাদেশে শাকিরার কনসার্ট আয়োজনের বিষয়ে এখনো আনুষ্ঠানিক নিশ্চয়তা পাওয়া যায়নি। সম্ভাব্য আয়োজনের তারিখ, টিকিটের দাম, টিকিট বিক্রির প্রক্রিয়া কিংবা অন্যান্য প্রস্তুতি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি ই-মেকার্স বাংলাদেশ।
অন্যদিকে, বাংলাদেশ সফর নিয়ে শাকিরা কিংবা তার ব্যবস্থাপনা দলের পক্ষ থেকেও কোনো আনুষ্ঠানিক বক্তব্য আসেনি। ফলে ২০২৭ সালের এপ্রিলে ঢাকায় তার কনসার্ট হওয়ার বিষয়টি আপাতত আয়োজকদের পরিকল্পনা ও সম্ভাবনার মধ্যেই সীমাবদ্ধ রয়েছে।
Comments