তিন মাসের লোডশেডিংয়ে অর্থনীতির ক্ষতি ৫৪ হাজার কোটি টাকা: র্যাপিড
দেশে বিদ্যুৎ সংকটের প্রভাব পড়েছে সামগ্রিক অর্থনীতিতে। গত আগস্ট থেকে অক্টোবর, এই তিন মাসে লোডশেডিংয়ের কারণে দেশের অর্থনৈতিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে ৫৪ হাজার ৯০ কোটি টাকা। এ সময়ে বিদ্যুতের চাহিদা ও সরবরাহের মধ্যে ঘাটতি ছিল ২ হাজার ৩৭৮ দশমিক ৬ গিগাওয়াট ঘণ্টা।
গবেষণা প্রতিষ্ঠান রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র্যাপিড) এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। গবেষণায় বলা হয়েছে, বিদ্যুতের অপর্যাপ্ত সরবরাহের কারণে শিল্প উৎপাদন, ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন অর্থনৈতিক কর্মকাণ্ড ব্যাহত হয়েছে। গত তিন মাসে বিদ্যুতের চাহিদার তুলনায় সরবরাহ ঘাটতির হার ছিল ৩ থেকে ১০ শতাংশ।
রোববার (২৯ নভেম্বর) প্রকাশিত 'এনার্জি ক্রাইসিস ইন বাংলাদেশ: ইমিডিয়েট টু লংগার-টার্ম পলিসি ইম্পেরেটিভস' শীর্ষক গবেষণাটি যৌথভাবে পরিচালনা করেছে র্যাপিড ও দ্য এশিয়া ফাউন্ডেশন। এতে বলা হয়েছে, লোডশেডিংয়ের কারণে হওয়া আর্থিক ক্ষতির পরিমাণ ২০২৫-২৬ অর্থবছরের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রায় শূন্য দশমিক ৮৮ শতাংশ।
গবেষণার হিসাব অনুযায়ী, এক ইউনিট বা এক কিলোওয়াট ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ ব্যাহত হলে দেশের সামগ্রিক অর্থনীতিতে গড়ে ২২৭ টাকার ক্ষতি হয়। শিল্প খাতের ক্ষেত্রে এই ক্ষতির পরিমাণ আরও বেশি, প্রতি ইউনিটে ৩১০ টাকা। বিদ্যুৎ সংকটের প্রভাব শুধু কারখানার উৎপাদনেই সীমাবদ্ধ থাকে না; কাঁচামাল সরবরাহ, পণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য এবং সংশ্লিষ্ট অন্যান্য খাতেও এর নেতিবাচক প্রভাব পড়ে।
র্যাপিডের গবেষণায় আরও উঠে এসেছে, তিন মাসে লোডশেডিংয়ের কারণে অর্থনীতিতে যে পরিমাণ ক্ষতি হয়েছে, তা বিদ্যুৎ উৎপাদনে এলএনজি ব্যবহারের জ্বালানি ব্যয়ের প্রায় ১২ গুণ। তাই জ্বালানি ব্যয় কমানোর বিষয়টি বিবেচনায় নেওয়ার পাশাপাশি বিদ্যুৎ সরবরাহে ঘাটতির কারণে সৃষ্ট বৃহৎ অর্থনৈতিক ক্ষতিকেও গুরুত্ব দেওয়ার তাগিদ দিয়েছেন গবেষকরা।
বিদ্যুৎ উৎপাদনে গ্যাস সরবরাহের ঘাটতির সঙ্গে লোডশেডিংয়ের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে বলেও গবেষণায় উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়, বিদ্যুৎকেন্দ্রগুলোতে প্রতিদিন অতিরিক্ত ১০ কোটি ঘনফুট গ্যাস সরবরাহ করা সম্ভব হলে দৈনিক প্রায় ১১ দশমিক ৬ গিগাওয়াট ঘণ্টা বিদ্যুতের ঘাটতি কমানো যাবে। অন্যদিকে, তাপমাত্রা এক ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেলে বিদ্যুতের চাহিদা বেড়ে যায় ১৪ দশমিক ২ গিগাওয়াট ঘণ্টা।
গবেষণায় দেশের বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও বাস্তব উৎপাদনের মধ্যেও বড় ব্যবধানের চিত্র পাওয়া গেছে। এতে বলা হয়েছে, গত আগস্ট থেকে অক্টোবর পর্যন্ত কোনো সময়েই দেশের সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদন স্থাপিত সক্ষমতার ৫৮ শতাংশ অতিক্রম করেনি। অথচ প্রয়োজনীয় সংরক্ষিত সক্ষমতা হিসাব করার পরও দেশের স্থাপিত বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা চাহিদার তুলনায় প্রায় ৮ হাজার ৩০০ মেগাওয়াট বেশি।
অর্থাৎ, বিদ্যুৎ উৎপাদনের অবকাঠামো থাকলেও জ্বালানি সংকট ও অন্যান্য সীমাবদ্ধতার কারণে সেই সক্ষমতার পূর্ণ ব্যবহার সম্ভব হচ্ছে না।
দেশের বিদ্যুৎ উৎপাদনে নির্দিষ্ট কয়েকটি জ্বালানির ওপর অতিরিক্ত নির্ভরশীলতাকেও সংকটের অন্যতম কারণ হিসেবে চিহ্নিত করেছে গবেষণাটি। বর্তমানে বাংলাদেশের মোট বিদ্যুতের ৭৬ শতাংশ উৎপাদিত হয় গ্যাস ও তেল থেকে। তুলনামূলকভাবে পাকিস্তানে এ হার ৩০ শতাংশ এবং ভারতে মাত্র ৩ শতাংশ। গবেষকদের মতে, জ্বালানির উৎসে বৈচিত্র্য না থাকায় সরবরাহব্যবস্থা ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। বিশেষ করে দেশে গ্যাসের উৎপাদন কমে যাওয়ায় বিদ্যুৎ খাতের সংকট আরও প্রকট হচ্ছে।
এই পরিস্থিতি থেকে উত্তরণে কয়েকটি নীতিগত পদক্ষেপের সুপারিশ করেছে র্যাপিড। এর মধ্যে রয়েছে বিদ্যুৎকেন্দ্রের উৎপাদন দক্ষতা বৃদ্ধি, চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে গ্যাস সরবরাহ নিশ্চিত করা এবং কেন্দ্রগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ। একই সঙ্গে নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানো এবং বিদ্যুৎ সঞ্চালন ও বিতরণ অবকাঠামোর সক্ষমতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।
Comments