শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করেছেন শিক্ষামন্ত্রী
গোপালগঞ্জের শিক্ষার্থীদের পরীক্ষা গ্রহণ নিয়ে দুশ্চিন্তা ও উদ্বেগের কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রম যেন কোনো কারণে ব্যাহত না হয়, সে বিষয়ে গুরুত্বারোপ করেছেন তিনি।
শনিবার (২৮ নভেম্বর) সকালে রাজধানীর মিরপুরের সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর অধ্যক্ষ সম্মিলনে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা, শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন ও প্রশাসনিক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে এ সম্মিলনের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শিক্ষামন্ত্রী বলেন, একটি কিংবা দুটি বিষয়ে পরিবর্তনের কারণে শিক্ষার্থীরা যেন অযথা শিক্ষাপ্রতিষ্ঠানের বাইরে বসে না থাকে, তা নিশ্চিত করতে হবে। দীর্ঘ সময় অলস বসে থাকলে শিক্ষার্থীদের মধ্যে মাদকাসক্তি ও মোবাইল ফোনের প্রতি আসক্তি বাড়তে পারে। সরকার এমন পরিস্থিতি দেখতে চায় না।
তিনি বলেন, অতীতে দেশের কোথাও প্রয়োজনের তুলনায় বেশি শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে উঠেছে, আবার কোথাও প্রয়োজন থাকা সত্ত্বেও প্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হয়নি। শিক্ষা প্রতিষ্ঠান স্থাপনের ক্ষেত্রে যথাযথ সমন্বয়ের অভাব ছিল।
দেশের উচ্চশিক্ষার বিকাশে অতীতের বিভিন্ন উদ্যোগের কথা উল্লেখ করে মন্ত্রী বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সময়ে শিক্ষা ব্যবস্থার উন্নয়ন ও আধুনিকায়নে বিভিন্ন পরিকল্পনা নেওয়া হয়েছিল। ১৯৯২ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন প্রণয়নের মাধ্যমে উচ্চশিক্ষার সুযোগ সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর শিক্ষা ব্যবস্থার পথ তৈরি করা হয়।
বিগত ১৭ বছরে দেশের শিক্ষা ব্যবস্থা পিছিয়ে পড়েছে বলেও মন্তব্য করেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, এ সময়ে এমন শিক্ষাক্রম তৈরি করা হয়েছিল, যা গোপনে প্রণয়ন করা হয়েছে এবং এর ফলে সাধারণ জনগোষ্ঠীর শিক্ষার সুযোগ ক্ষতিগ্রস্ত হয়েছে।
শিক্ষামন্ত্রী আরও জানান, নতুন শিক্ষাক্রমের অংশ হিসেবে এবার চতুর্থ শ্রেণির জন্য নতুন বই দেওয়া হয়েছে। পাশাপাশি খেলাধুলা ও সাংস্কৃতিক কার্যক্রমের বিষয়েও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় দায়িত্ব বণ্টনের বিষয়ে প্রধানমন্ত্রীকে অবহিত করা হয়েছে।
কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, দেশে কারিগরি শিক্ষাকে আরও শক্তিশালী করতে প্রধানমন্ত্রী বিশেষ গুরুত্ব দিয়েছেন। এর অংশ হিসেবে ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষার সুযোগ সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হয়েছে এবং এ বিষয়ে নতুন বই দেওয়া হয়েছে।
Comments