এসিড মামলার তদন্তে পক্ষপাত ও অনিয়মের অভিযোগ, বিচার বিভাগীয় তদন্ত দাবি
বরগুনার পাথরঘাটায় পাঁচ বছর বয়সী শিশু জাইমার ওপর এসিড নিক্ষেপের ঘটনায় পুলিশের তদন্ত কর্মকর্তার বিরুদ্ধে পক্ষপাতিত্ব, গুরুত্বপূর্ণ সাক্ষ্য-প্রমাণ গোপন, ভুক্তভোগীর বক্তব্য বিকৃত এবং আসামিপক্ষের স্বার্থে মনগড়া চূড়ান্ত প্রতিবেদন দাখিলের অভিযোগ উঠেছে। পুলিশের দাখিল করা ওই প্রতিবেদন প্রত্যাখ্যান করে আদালতের তত্ত্বাবধানে নিরপেক্ষ বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছেন মামলার বাদী ও শিশুটির মা ফাতিমা জোমাদ্দার অর্পা।
শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় বরগুনা প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব অভিযোগ তুলে ধরেন।
ফাতিমা জানান, বাবার রেখে যাওয়া সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে চাচাদের সঙ্গে বিরোধ চলে আসছে। ওই সম্পত্তিতে ঘর নির্মাণ করতে গেলে তাঁর ওপর এসিড নিক্ষেপ করা হয়। এ সময় তিনি রক্ষা পেলেও পেছনে থাকা পাঁচ বছর বয়সী মেয়ে জাইমার হাত, বুক ও পা এসিডে দগ্ধ হয়।
মামলার তদন্তে অনিয়মের অভিযোগ তুলে তিনি বলেন, তদন্ত কর্মকর্তা মোহাম্মদ ওয়ালী উল্লাহ প্রয়োজনীয় ফরেনসিক পরীক্ষা ছাড়াই চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন। তাঁর বক্তব্য সরাসরি গ্রহণ না করে আদালতে তাঁর নামে বক্তব্য উপস্থাপন করা হয়েছে। গুরুত্বপূর্ণ সাক্ষীদের বক্তব্য উপেক্ষা করে আসামি ও তাঁদের ঘনিষ্ঠজনদের বক্তব্যের ভিত্তিতে প্রতিবেদন তৈরি করা হয়েছে। এমনকি বাড়ির মালিক সাক্ষী হাওয়া বেগমের বক্তব্যও বিকৃতভাবে উপস্থাপন করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
ফাতিমার আরও অভিযোগ, কোনো সাক্ষ্য বা চিকিৎসা প্রতিবেদনের সমর্থন ছাড়াই এসিডের পরিবর্তে আচিল পরিষ্কারের পাউডার হাতে পড়ার তথ্য প্রতিবেদনে যুক্ত করা হয়েছে। জমির দলিল ও খতিয়ান যাচাই না করেই মালিকানা সম্পর্কে সিদ্ধান্ত দেওয়া হয়েছে। এ ছাড়া আদালতের নির্দেশে মামলা রুজুতে বিলম্ব এবং মামলার দুই নম্বর আসামিকে গ্রেপ্তারের পর থানা থেকে ছেড়ে দেওয়ার ঘটনাও তদন্তের দাবি জানান তিনি।
তিনি বলেন, মামলা তুলে নিতে তাঁকে ও তাঁর মেয়েকে মারধর ও ভয়ভীতি দেখানো হয়েছে। সাক্ষীদেরও হুমকি দেওয়া হয়েছে। এসব ঘটনায় পৃথক দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হলেও তদন্ত কর্মকর্তা চূড়ান্ত প্রতিবেদনে বিষয়গুলো উপেক্ষা করেছেন।
সংবাদ সম্মেলনে ফাতিমা পুলিশের তদন্তের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে আদালতের তত্ত্বাবধানে বিচার বিভাগীয় তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটন, তদন্ত কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের ভূমিকা যাচাই, দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা এবং শিশুসহ পরিবারের সদস্য ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
তিনি বলেন, "আমি কারও প্রতিশোধ চাই না, শুধু আমার শিশুকন্যার ন্যায়বিচার চাই। একটি শিশুর শরীরে এসিডের আঘাতের বিচার যদি তদন্তের অনিয়মের কারণে ধামাচাপা পড়ে, তাহলে একজন অসহায় মা কোথায় বিচার চাইবেন?"
Comments