ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি-অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থানের নির্দেশ ভূমিমন্ত্রীর
ভূমি ব্যবস্থাপনায় প্রযুক্তির ব্যবহার বাড়ানোর পাশাপাশি স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। তিনি বলেছেন, দুর্নীতি ও অনিয়মের বিরুদ্ধে কঠোর অবস্থান নিতে হবে। কোনো অসহায় কৃষক কিংবা সাধারণ মানুষ যাতে তাদের ন্যায্য ভূমি অধিকার থেকে বঞ্চিত না হন, তা নিশ্চিত করতে কর্মকর্তাদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করতে হবে।
শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ প্রকল্পের সমন্বিত সিস্টেমে হোল্ডিং ও খতিয়ানের তথ্য এন্ট্রি এবং যাচাই কার্যক্রমের বাস্তবায়নবিষয়ক সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ভূমিমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে চলে আসা ভূমি ব্যবস্থাপনার জটিলতা থেকে সাধারণ মানুষকে বের করে আনতে হবে। জমি নিয়ে বিরোধ ও ভোগান্তি কমাতে আধুনিক, স্বচ্ছ এবং জনবান্ধব সেবা ব্যবস্থা গড়ে তোলা জরুরি। এ লক্ষ্যেই ইউএনডিপির সহযোগিতায় ভূমি ব্যবস্থাপনা স্বয়ংক্রিয়করণ প্রকল্প বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। এর মাধ্যমে ভবিষ্যতে নাগরিকদের জন্য নিরাপদ ও স্বচ্ছ ভূমিসেবা নিশ্চিত করা সম্ভব হবে।
মাঠপর্যায়ের কর্মকর্তাদের দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানিয়ে তিনি বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে কাজ করতে হবে। ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষ ও কৃষকদের সঙ্গে মানবিক আচরণ করতে হবে। কেউ যাতে হয়রানির শিকার না হন এবং ভূমিদস্যুরা যাতে কোনো ধরনের সুযোগ নিতে না পারেন, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
নিয়োগপ্রক্রিয়ায় স্বচ্ছতার বিষয়টি তুলে ধরে মন্ত্রী জানান, সম্প্রতি ভূমি মন্ত্রণালয়ে প্রায় ৫৫৭ জন কানুনগো নিয়োগ দেওয়া হয়েছে। কোনো ধরনের অনৈতিক লেনদেন ছাড়াই স্বচ্ছ প্রক্রিয়ায় এই নিয়োগ সম্পন্ন হয়েছে। এ ধরনের উদ্যোগ ভূমি মন্ত্রণালয়ের প্রতি সাধারণ মানুষের আস্থা ও বিশ্বাস বাড়াতে সহায়তা করবে।
সভায় সভাপতিত্ব করেন রাজশাহীর জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম। তিনি বলেন, ভূমির তথ্য ডিজিটাইজ করার পাশাপাশি সেগুলোর নির্ভুলতা যাচাই এবং নিয়মিত হালনাগাদ নিশ্চিত করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ জন্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে সমন্বয় ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। একই সঙ্গে নাগরিকদের দ্রুত, স্বচ্ছ ও হয়রানিমুক্ত সেবা দেওয়ার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
Comments